পাথরঘাটায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর, নাচনাপাড়া ও কাঁঠালতলি ইউনিয়নে ডাকাত-আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকাবাসী। গত এক সপ্তাহে তিন বাড়িতে ডাকাতি ও এক বাড়িতে ডাকাত হানা দেওয়ার ঘটনায় ওই তিন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ডাকাত-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, রায়হানপুরের কড়ইতলা গ্রামে ২০ জুন ডাকাতি হওয়ার পর থেকে গ্রামবাসী দল বেঁধে পাহারা দিচ্ছেন। রাতে পাহারা দেওয়ার সময় ২৫ জুন গভীর রাতে গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ জুন রায়হানপুরের কড়ইতলা গ্রামের জহিরুল ইসলাম, নাচনাপাড়ার মানিকখালী গ্রামের মো. স্বপন খান ও কাঁঠালতলির মো. পান্না মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই তিন বাড়ি থেকে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
মাদারতলী গ্রামের পাহারা দলের দলনেতা সাইফুল ইসলাম খান বলেন, প্রতিটি দলে ১০ থেকে ১২ জন যুবক ভাগ হয়ে গ্রাম পাহারা দিচ্ছে। রাত জেগে এ পাহারার কাজে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহায়তা নেওয়া হচ্ছে।
নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কবির মোল্লা বলেন, ডাকাতির ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পাহারা কার্যক্রম জোরদার করতে পাথরঘাটা থানা নির্দেশ দিয়েছে। সেভাবে নাচনাপাড়া ইউনিয়নে পাহারা কার্যক্রম জোরদার করা হয়েছে।
রায়হানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম বলেন, এ ইউনিয়নের প্রতিটি গ্রামে রাত ১০টা থেকে তিনটা পর্যন্ত পাহারা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাকাত-আতঙ্কে স্থানীয় গ্রামবাসী রাত জেগে এ পাহারা কার্যক্রমে অংশ নিচ্ছেন। একই কথা জানিয়েছেন কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান।
কাঁঠালতলিতে ডাকাতির শিকার মো. পান্না মিয়ার জামাতা মিজানুর রহমান বলেন, জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে ঢুকে ১৫ ভরি স্বর্ণালংকার ও সাত হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, একটি ডাকাতির প্রস্তুতি ও দুটি ডাকাতির ঘটনায় তিনটি মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওই সব এলাকায় পাহারা কার্যক্রমসহ আশপাশ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।