পাথরঘাটায় ফাঁদ পেতে মাসে ২৪০টি হরিণ শিকার
সুন্দরবনসংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলায় অন্তত ছয়টি হরিণশিকারি চক্র আবার বেপরোয়া হয়ে উঠেছে। এসব চক্র প্রতি মাসে সুন্দরবনে ফাঁদ পেতে প্রায় ২৪০টি হরিণ শিকার করছে। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে এ তথ্য জানা গেছে।
২১ অক্টোবর র্যাব-৮-এর সদস্যরা বরগুনা সদরের আমতলী গ্রামে অভিযান চালিয়ে আটটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে নাসির উদ্দিনের বাড়ি পাথরঘাটার জ্ঞানপাড়া গ্রামে। ১৯ অক্টোবর সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করে কোস্টগার্ড।
অনুসন্ধানে জানা গেছে, সাত-আটজন মিলে গঠিত একেকটি দলে সপ্তাহে অন্তত ১০টি হরিণ শিকার করে। সেই হিসাবে সপ্তাহে ছয়টি দলের হাতে গড়ে ৬০টি হরিণ মারা পড়ে। আর প্রতি মাসে এভাবে প্রায় ২৪০টি হরিণ শিকার করছে শিকারিরা। ফাঁদ পেতে এসব হরিণ ধরার পর বলেশ্বর নদের মাঝামাঝি এনে ট্রলারে জবাই করা হয়। পাথরঘাটার হরিণশিকারি দলের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হরিণশিকারিরা জানায়, বলেশ্বর নদের তীরসংলগ্ন পাথরঘাটার পদ্মা, বাদুরতলা, টেংরা, মঠেরখাল, জ্ঞানপাড়া ও তাফালবাড়িয়া গ্রামে অন্তত ছয়টি হরিণশিকারির সক্রিয় দল রয়েছে। তবে বিভিন্ন উৎসব সামনে রেখে শিকারি দলের সংখ্যা আরও বাড়ে। প্রত্যেক শিকারি দলের সদস্যরা ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে গোলপাতা কাটার নামে পূর্ব সুন্দরবনের সূপতি, রায়েন্দা ও কচিখালী এলাকায় যায়। বলেশ্বর নদের পূর্বপাড়ের এসব গ্রামের শিকারি দলগুলো সাধারণত গভীর রাতে সুন্দরবনে প্রবেশ করে।
পাথরঘাটার হরিণশিকারিদের গ্রাম বলে পরিচিত জ্ঞানপাড়ার কয়েকজন শিকারি জানায়, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত হরিণের মাংসের চাহিদা বেশি থাকে বলে এই সময় শিকারিদের তৎপরতা বাড়ে। জ্ঞানপাড়া এলাকার কালিয়ারখাল থেকে ২০০৯ সালের ১৭ মে সাতটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছিল। ২০১২ সালের ১০ জুলাই ২২টি জবাই করা এবং একটি জীবিত হরিণ উদ্ধার করা হয় পাথরঘাটার পোতাভাঙা এলাকা থেকে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসেন চৌধুরী জানান, সুন্দরবনের বাঘ ও হরিণশিকারিদের বিরুদ্ধে তাঁরা অভিযান চালাবেন। প্রতিটি টহলচৌকিকে সতর্ক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।