বরগুনার পাথরঘাটায় বাড়িতে ঢুকে হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে আহত করা হয়েছে। এর মধ্যে এক নারীর অবস্থা গুরুতর। বিরোধপূর্ণ জমিতে রান্নাঘর নির্মাণ নিয়ে বিরোধে গত সোমবার পাথরঘাটা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন মিলন খান (৫০), তাঁর স্ত্রী শাহারুননেছা বুলবুল (৪০) ও তাঁর ভাইয়ের স্ত্রী খালেদা আক্তার (২৮)।
খালেদা আক্তারের স্বামী হুমায়ুন কবির খান বলেন, স্থানীয় বাসিন্দা গফুর খানের মেয়ে হামিদা বেগম সোমবার বিকেল চারটার দিকে রাজমিস্ত্রিদের দিয়ে বাড়ির কাছে রান্নাঘর নির্মাণ করছিলেন। প্রতিবেশী বাদশা খাঁ ও সিদ্দিক খাঁসহ চার-পাঁচজন ঘটনাস্থলে এসে জায়গাটা তাঁদের দাবি করে নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটি চলছিল। এ সময় হামিদার প্রতিবেশী ও আত্মীয় মিলন খান, শাহারুননেছা ও খালেদা আক্তার ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদশা খাঁ লাঠি দিয়ে শাহারুননেছার মাথায় আঘাত করেন। আরেকজন মিলন খানের ডান হাতে লাঠি দিয়ে আঘাত করেন। দ্বিতীয় দফায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারও হামলা চালায় বাদশা খাঁর পক্ষ। এ সময় খালেদা আক্তারকে পিটিয়ে আহত করা হয়। আহত তিনজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার উল্যাহ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শাহারুননেছার মাথার বাঁ পাশে ৩ সেন্টিমিটারের বেশি ক্ষত সৃষ্টি হয়েছে। তাঁকে এখানে ভর্তি রাখা হয়েছে। অপর দুজনের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে সিদ্দিক খাঁ বলেন, প্রতিপক্ষ তাঁর কেনা জমিতে ঘর তোলার চেষ্টা করলে তিনি বাধা দেন। তবে তিনজনকে জখমের ঘটনায় সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষের হামলায় তিনজন জখমের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। মীমাংসা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।