পাথরঘাটায় ভুয়া নামজারি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা ভূমি কার্যালয়ে কর্মকর্তাদের সই জাল করে রেকর্ড বইয়ে ভুয়া নামজারি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কার্যালয়ের দীপক চন্দ্র মিস্ত্রি নামের এক অফিস সহায়ক এ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ভূমি কার্যালয়ে ৩৯টি মৌজার ৭৪টি রেকর্ড বই রয়েছে। এর মধ্যে অন্তত ৫০টি রেকর্ড বইয়ের প্রায় ১৮০টি পর্চার নথিতে ভুয়া নামজারি করা হয়েছে। সদ্যবিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ভুয়া রেকর্ড নথি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছেন। অফিস সহায়ক দীপক চন্দ্র আট বছর ধরে ওই কার্যালয়ে কর্মরত। তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে জালিয়াতির এই কাজ করে আসছেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে দীপক চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘ওই পর্চাগুলো ভুয়া, তবে আমার হাতের লেখা না। এই জালিয়াতিতে অন্য কেউ জড়িত।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. কামরুল হুদা বলেন, রেকর্ডগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ভূিম অফিসের এ ধরনের কাজের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহাবুব আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।