বরগুনার পাথরঘাটা উপজেলার একটি গ্রামে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার এ দুটি ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে পাথরঘাটা উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রী (১৩) প্রথম আলোকে বলে, সোমবার রাত আটটার দিকে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এরপর প্রতিবেশী এক রিকশাচালক (৩০) তার মুখ চেপে ধরেন। তাকে তুলে গ্রামেরই একটি বাগানবাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় রিকশাচালকের সঙ্গে আরও তিনজন ছিলেন। ওই বাগানবাড়িতে আটকে রেখে রিকশাচালক তাকে ধর্ষণ করেন। পরে রাত আড়াইটার দিকে তাকে বাড়ির কাছে রেখে পালিয়ে যান। ছাত্রী আরও বলে, মাদ্রাসায় যাওয়া–আসার পথে ওই প্রতিবেশী তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি সে দুই পরিবারের সদস্যদের জানিয়েছিল।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলার একটি গ্রামে গত সোমবার সন্ধ্যায় এক দিনমজুর (৩২) পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও চৌকিদার ছাত্রীটিকে মারধর করেন। তাঁরা ৫০ হাজার টাকা আদায় করে ওই দিনমজুরকে ছেড়ে দেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছাত্রীটি বিয়েবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। এ সময় ওই দিনমজুর কৌশলে তাকে নিজ বাড়ি নিয়ে যান। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ছাত্রীটিকে উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ‘ধর্ষণ কিংবা ধর্ষণের চেষ্টার অভিযোগ সত্য নয়। ছাত্রীকে হাত ধরার কথা শুনেছি। কারও কাছ থেকে টাকা নিইনি। তবে ছাত্রীকে আমি চড়–থাপ্পড় মেরে শাসন করেছি।’ চৌকিদার মো. হাবিবুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
অভিযোগ অস্বীকার করে ওই দিনমজুর বলেন, তাঁর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।