পাথরে চাপা আদিবাসীদের জুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারি সারি সুপারিগাছ কেটে সেখানে পাথর ফেলে স্তূপ করে রাখা হয়েছে। আদিবাসী এক খাসিয়া নারী কয়েক খণ্ড পাথর সরিয়ে বের করলেন সুপারিগাছের আস্ত একটি গোড়া। বিমর্ষ তিনি। কান্না সংবরণ করে বলেন, ‘দেখছেন, আমরার শরীল (শরীর) কাইট্টা পাথর ফেলি দিছে।’
এ চিত্র সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জির খাসিয়াদের পানজুমের। প্রায় আট একর জায়গা দখল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী সম্প্রতি তাঁর দলবল নিয়ে পানজুমের দুই শতাধিক সুপারিগাছ কেটে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেখানে ফেলেন বড় বড় পাথরখণ্ড। সেই সব পাথরের নিচে যেন চাপা পড়েছে আদিবাসীদের পানজুম।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, দখল করার চেষ্টায় পাথর ফেলে রাখা ওই আট একর জায়গায় কিছু বসতবাড়িও পড়েছে। এর মধ্যে পানজুমের নিচে তিনটি ঘরের সামনে-পেছনে ফেলা হয়েছে পাথর। এসব বাড়ির বাসিন্দারা পাথরখণ্ড সরিয়ে ঘর থেকে বের হওয়ার রাস্তা বের করছেন।
এ সময় ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মোকামপুঞ্জিতে বসবাস করা আদিবাসীদের মধ্যে খাসিয়াদের সংখ্যা বেশি। সিলেট থেকে তামাবিল সড়ক হয়ে জাফলং যাওয়ার পথেই পড়ে খাসিয়া বাংলো। হেনরি লামিন ওই বাংলোর মালিক। বাংলোর পাশের টিলাশ্রেণির পানজুমের সুপারিগাছঘেরা ওই আট একর জায়গার দখল নিতে লিয়াকত ৪ জানুয়ারি দিনের বেলা সুপারিগাছ কাটেন। রাতে ফেলেন বড় বড় পাথরখণ্ড। ৫ জানুয়ারি সকালে আদিবাসীদের চোখে পড়ে পানজুমে পাথরের স্তূপ। আদিবাসীরা ওই দিন কিছু পাথর সরানোর চেষ্টা করলে রাতে লিয়াকত এসে আদিবাসীদের শাসিয়ে যান। পাথর সরালে বাংলো দখল করে নেবেন বলে হুমকি দেন তিনি। এ কারণে যেভাবে পাথর ফেলা রয়েছে, সেভাবে আছে।
পানজুম ঘুরে ফেরার পথে শনিবার বিকেলে জৈন্তাপুর সদরে কথা হয় আওয়ামী লীগের নেতা লিয়াকত আলীর সঙ্গে। পাথর ফেলার বিষয়টি স্বীকার করে তিনি জানান, এই জায়গায় পানজুম হয় না, পরিত্যক্ত। জায়গার মালিকানা প্রশ্নে তিনি জানান, জায়গার মালিক আদিবাসীরাও নন। বন্দোবস্ত নিয়ে ব্যবহার হচ্ছিল। তিনিও বন্দোবস্ত নেওয়ার আবেদন করে জায়গার দখল নিতে পাথর ফেলেছেন।
এ বিষয়ে কথা বলতে শনিবার বাংলোতে গিয়ে হেনরি লামিনকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলে হেনরি বলেন, ‘পানজুম আমাদের ঐতিহ্যের অংশ। সেখানে সুপারিগাছ আছে। কিন্তু পান চাষ হয় না—এমন অজুহাত দেখিয়ে এই জায়গা দখলের চেষ্টা চলছে। প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। ১ জানুয়ারি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করার পরও জায়গা দখল করতে সুপারিগাছ কেটে পাথর ফেলা হয়।’ বাংলোতে ফিরে কথা হয় মোকামপুঞ্জিপ্রধান বোয়াম লামিনের সঙ্গে। বয়সের ভারে ন্যুব্জ তিনি। অনেকটা বিড়বিড় করে খাসি ভাষায় নিজেদের ‘সাবিয়ার, সাবিয়ার... (নিরীহ)’ বলে জানিয়ে তিনি প্রতিকার চাইছিলেন। পুঞ্জিপ্রধান জানান, এই জায়গা বন্দোবস্তের নয়। মূল মালিক সামিন খাসিয়ানী নামের এক নারী। তিনি বিক্রি করে দিয়েছেন হেনরি লামিনের কাছে। এ-সংক্রান্ত কাগজপত্র থাকা সত্ত্বেও দখলচেষ্টার এ ঘটনা তাঁদের এলাকাচ্যুত করার ষড়যন্ত্র বলে তিনি মনে করেন।
সামিন খাসিয়ানী জানান, পানজুমের সুপারিগাছ কেটে নেওয়ার দিন তিনি বাধা দিয়েছিলেন। তাঁকে ‘কেটে ফেলা হবে’ বলে হুমকি দেওয়ায় তিনি ফিরে গেছেন।
এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান গতকাল রোববার বলেন, ‘জায়গা নিয়ে বিরোধের বিষয়টি আমাকে জানানো হলেও দখলের চেষ্টার ঘটনাটি কেউ জানাননি। আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি। উভয় পক্ষের কাছ থেকে এ-সংক্রান্ত কাগজপত্র দেখে কী করা যায়, দেখব।’