পানছড়িতে অবাধে বালু উত্তোলন
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক অবৈধ বালু উত্তোলনকারীকে কারাদণ্ড দেওয়ার পরও বালু উত্তোলনে ভাটা পড়েনি।
পানছড়ি উপজেলার অন্তত চারটি স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এগুলো হচ্ছে নালকাটা ঘাট, লতিবান এলাকা, উল্টাছড়ি সেতু এলাকা ও লোগাং সেতু এলাকা।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলায় কোনো বালুমহাল নেই। বালুমহাল ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।
সরেজমিনে দেখা যায়, পানছড়ির নালকাটা ঘাট এলাকার চেঙ্গী নদী থেকে ট্রাক্টরে করে একটি ইটভাটার জন্য বালু উত্তোলন করা হচ্ছে। লতিবান এলাকার (রাবার ড্যামের কিছু উজানে) চেঙ্গী নদী থেকেও বালু উত্তোলন করা হচ্ছে।
পানছড়ির লতিবান এলাকার বাসিন্দা তরুণ চাকমা (৪৫) জানান, এক মাস ধরে লতিবান এলাকার চেঙ্গী নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু ট্রাক্টরে নেওয়ার জন্য যে ব্যক্তি রাস্তা ছেড়ে দিয়েছেন, তিনি ট্রাক্টরপ্রতি ৫০ টাকা পান। প্রতিদিন গড়ে ৫০-৬০ ট্রাক্টর বালু উত্তোলন করা হয়।
এক বালু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি এক শ ঘনফুট পরিবহন খরচসহ নয় শ টাকা। তবে দূরত্ব বেশি হলে টাকার পরিমাণও বাড়ে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত আছে। ইতিমধ্যে গত ২৯ সেপ্টেম্বর এক ব্যক্তিকে বালু উত্তোলনের সময় হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যেসব এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তা বন্ধ করে দেওয়া হবে।