পানছড়িতে দুজনকে অপহরণের অভিযোগ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালতলা এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুজনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, ঢাকার আল-ফালাহ ট্রেডিং করপোরেশন পানছড়ি বাজার থেকে মরাটিলা পর্যন্ত সড়ক নির্মাণের কাজ করছে। কাজ শুরুর পর থেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করে আসছে। ১৪ ফেব্রুয়ারি সড়ক নির্মাণকাজের তদারকি করার সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তালতলা এলাকা থেকে অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুদ্দিন শাহিন গাজী (৩৫) ও শ্রমিক সর্দার মো. রুহুল আমিনকে (৫০) অপহরণ করে নিয়ে যায়।
আল ফালাহ ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নাছির মল্লিক বলেন, ‘১৪ ফেব্রুয়ারি ওই দুজনকে অপহরণ করার পর অপহরণকারীরা মুঠোফোনে আমার সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছে। তারা আমার কাছে চাঁদা চায়নি। শুধু বারবার বলছে, তাদের সঙ্গে সমঝোতা করতে। আমি ভালোভাবে তাদের কথাও বুঝতে পারছি না।’
খাগড়াছড়ি (সদর) সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, এ ব্যাপারে পুলিশকে কিছু জানানো হয়নি। কোনো লিখিত অভিযোগও দেওয়া হয়নি।