পানছড়িতে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম বালাতি ত্রিপুরা (৫৫)। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের দুর্গম পাইয়ং কার্বারিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি পাইয়ং কার্বারিপাড়া এলাকার বাসিন্দা চন্দ্র বিশু ত্রিপুরার স্ত্রী।

উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পরও বাড়িতে না ফেরার কারণে বালাতি ত্রিপুরার স্বামী ও ছেলে এলাকায় খুঁজতে বের হন। একপর্যায়ে পাইয়ং কার্বারিপাড়া এলাকায় নির্জন স্থানে গলাকাটা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার সকালে বালাতি ত্রিপুরার স্বামী বাদী হয়ে অজ্ঞাতনামা ১১-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল দুপুরে বালাতি ত্রিপুরার হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও জেএসএস (সংস্কার) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলটি পানছড়ি কলেজ গেট থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এরপর কলেজ গেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক সুনয়ন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক তুমনি ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নয়ন ত্রিপুরা, সহসাংগঠনিক সম্পাদক জগদানন্দ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সদস্য তুষার ত্রিপুরা প্রমুখ। বক্তারা বালাতি ত্রিপুরার হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে এ রকম অপরাধ করতে কেউ সাহস না পায়।