পানছড়িতে পিসিপির ৯ কর্মী আটক, অস্ত্র-গুলি উদ্ধার
খাগড়াছড়ির পানছড়ি থেকে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে পানছড়ি কলেজগেট এলাকায় পিসিপির কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি এলজি ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন পিসিপির উপজেলা সভাপতি হিমেল চাকমা (১৯), পানছড়ি ডিগ্রি কলেজ শাখার সভাপতি এডিশন চাকমা (১৮), কর্মী সোহেল চাকমা (১৯), সাধন চাকমা (১৮), কল্যাণ জ্যোতি চাকমা (১৭), বিথন চাকমা (১৭), সখিরন চাকমা (১৭), সুপ্রিয় চাকমা (১৮) ও রমেশ চাকমা (১৭)।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বর বলেন, পিসিপির কার্যালয়ে অস্ত্র রেখে বৈঠক করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে অস্ত্রসহ ৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন চাকমা বলেন, পরিকল্পিতভাবে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাঁর দাবি, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা সাজানো নাটক।