পানি খেয়ে পেড়ে দিলেন সোনার বার
পরপর চার গ্লাস পানি খেলেন। কাস্টমস হলে হাঁটাহাঁটি। আবারও পানি পান। অস্ত্রোপচারের ভয়। তাতে কাজ হলো। শৌচাগারে গেলেন তিনি। সেখানে একে একে ছয়টি সোনার বার বেরিয়ে এল বিমানযাত্রী নূর আলমের মলদ্বার দিয়ে। সেগুলো হাতে করে শুল্ক কর্মকর্তাদের টেবিলে রেখে তিনি বললেন, ‘এই নিন আপনার রাষ্ট্রীয় সম্পদ।’
এই সোনার বারগুলো বিশেষ কায়দায় শরীরের ভেতর লুকিয়ে এনেছিলেন বিমানযাত্রী নূর আলম।
মালয়েশিয়া থেকে ওডি ১৬২ উড়োজাহাজে চেপে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নূর আলম। ৬ নম্বর বেল্ট থেকে ব্যাগ নিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মীদের নজরে পড়েন। প্রথমে সোনা লুকিয়ে আনার কথা অস্বীকার করার চেষ্টা করেন। হুমকিও দেন। পরে বুঝতে পারেন উপায় নেই।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, তিনি বহুবার বিদেশ সফর করেছেন। পেশার সঙ্গে এই ভ্রমণ বেমানান। গত পাঁচ মাসে তিনি ছয়বার বিদেশ গেছেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নূর আলম স্বীকার করেন, ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি মলদ্বারে বিশেষভাবে ১০০ গ্রাম ওজনের সোনার বার লুকিয়ে এনেছেন। সনাতন পদ্ধতি ব্যবহার করে সেগুলো বের করার জন্য নূর আলমকে চাপ দেওয়া হয়। অস্ত্রোপচারের ভয় দেখানো হয়। শরীরের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ লুকানো আছে—এ কথা বোঝানো হয়। একপর্যায়ে রাজি হন নূর আলম।
প্রচুর পানি পান ও হাঁটাহাঁটি করিয়ে শৌচাগারে নেওয়া হয় নূর আলমকে। সেখানেও সঙ্গে দুই গোয়েন্দা। এক এক করে ছয়টি সোনার বার শরীর থেকে বের করলেন তিনি।
ঘর্মাক্ত নূর আলম এরপর শুয়ে পড়েন। জুস ও দুধ পান করিয়ে সুস্থ করার পর ব্যাগেও তল্লাশি চলল। সেখানে পাওয়া গেল আরও ১০০ গ্রাম ওজনের সোনার চেইন।
শুল্ক বিভাগের ভাষ্যমতে, নূর আলমের কাছ থেকে পাওয়া মোট সোনার পরিমাণ ৭০০ গ্রাম। আনুমানিক দাম প্রায় ৩০ লাখ টাকা। নূর আলমের কাছ থেকে এক হাজার মিলিলিটার যৌন উত্তেজক জেলও জব্দ করা হয়। নূরের বাড়ি খুলনায়। তাঁকে জেলহাজতে রাখা হয়েছে।