পানি জমে ৩০০ একরের ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর দুর্গাপুরে আনুলিয়ার বিলের অপরিল্পিত পুকুর খননের কারণে এভাবেই নষ্ট হয়েছে ক্ষেতের ফসল l ছবি: প্রথম আলো
রাজশাহীর দুর্গাপুরে আনুলিয়ার বিলের অপরিল্পিত পুকুর খননের কারণে এভাবেই নষ্ট হয়েছে ক্ষেতের ফসল l ছবি: প্রথম আলো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুটি বিলে খালের মুখে অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় পানি জমে প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। চলতি মৌসুমে ওই জমিতে আলু চাষও অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া ইউনিয়নের অনুলিয়ারবিল ও পোড়াবিলে ধান, পান, মরিচ, আলুসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। বর্ষায় বিলের পানি একটি সরকারি খাল দিয়ে বারনই নদে নেমে যায়। পাঁচ-ছয় বছর ধরে এই বিলে পুকুর খননের হিড়িক পড়েছে।

কয়েকজন কৃষক অভিযোগ করেন, রাজশাহী লায়নস চক্ষু হাসপাতালের সাবেক চিকিৎসক শফিকুল ইসলাম ৮০ বিঘা জমিতে এবং দেলোয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলাইন ৪৫ বিঘা জমিতে বিলের মুখে পুকুর খনন করেছেন। এ কারণে বিল থেকে খালে আর পানি যেতে পারছে না।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতার কারণে বিলে মরিচের খেত, পানের বরজ, পেয়ারা বাগান, কুমড়ার খেত—সবই নষ্ট হয়ে গেছে। কোনো কোনো জমিতে এখনো হাঁটুর ওপরে পানি রয়েছে। মাঠে গিয়ে শতাধিক ভুক্তভোগী কৃষককে পাওয়া যায়। পালশা গ্রামের চাষি আবদুল জলিল বলেন, ‘পৌনে তিন বিঘা জমিতে পানবরজ ও সবজি ছিল। জমির চারদিকে বাঁধ দিয়ে অগভীর নলকূপ দিয়ে পানি সেচেও ফসল বাঁচাতে পারিনি। সবই নষ্ট হয়ে গেছে।’

একই গ্রামের মুজিবুর রহমান বলেন, ‘পৌনে চার বিঘা জমিতে মরিচ লাগিয়েছিলাম। এবার বাজার ভালো। ২০ লাখ টাকার মরিচ বিক্রি করতে পারতাম। কিন্তু পানিতে সব শেষ হয়ে গেছে। খালে পানি নামানোর ব্যবস্থা না করলে আমাদের মরতে হবে। প্রশাসনের কাছে অভিযোগ করেও কাজ হয়নি।’

খুরশিদ আলম অভিযোগ করেন, তাঁর ১৮ কাঠা জমিতে চেয়ারম্যান (গোলাম সাকলাইন) জোর করে পুকুরের মাটি ফেলেছেন। এখন লোক পাঠিয়ে জমি বিক্রি করার প্রস্তাব দিচ্ছেন।

ইসরাইল ইসলামের সোয়া দুই বিঘা জমির বরবটি ও লাউখেত নষ্ট হয়ে গেছে। সেখানে পানি জমে রয়েছে। তিনি বলেন, ‘সামনে আলু চাষের মৌসুম। কী করব, ভাবতে পারছি না।’

শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তাঁর পুকুর খাল থেকে খানিকটা দূরে। পাঁচ বছর আগে তিনি পুকুর খনন করেছেন। এত দিন পুকুরের পাশ দিয়েই পানি খালে গিয়ে পড়ত। তা ছাড়া পানিনিষ্কাশনে তিনি কিছু পাইপ দিয়েছিলেন। পাইপের ভেতর দিয়েই বিলের পানি নিষ্কাশিত হতো। চেয়ারম্যান পুকুর কাটার সময় পাইপের মুখ বন্ধ হয়ে গেছে।

গোলাম সাকলাইনের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। শফিকুল ইসলাম জানান, গোলাম সাকলাইন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাঁকে পুকুর খননের জন্য পৌনে তিন বিঘা জমি দিয়েছেন যুগিশো গ্রামের আবদুল হাকিম। তিনি জানান, যেখানে পুকুর করা হয়েছে, সেখানে সরকারি খাল ছিল না। পানিনিষ্কাশনে তাঁরা কোনো জমি দেবেন না। যেদিক দিয়ে খালে পানি যেত, সেখানে অন্য লোক পুকুর খনন করেছেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তন করা যায় না। যদিও বিল দুটির ধানি জমিতে পুকুর খনন করা হয়েছে। এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম জানান, জেলা প্রশাসক ধানি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অনুমতি দিতে পারেন। কিন্তু তাঁর জানামতে, পুকুর খননের জন্য অনুমতির কোনো নথি জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁর কাছে আসেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুন্নাহার বলেন, প্রতিনিয়ত পুকুর নিয়ে তাঁদের কাছে অভিযোগ আসছে। অপরিকল্পিতভাবে পুকুর খনন হচ্ছে। এ বিষয়ে তাঁরা তৎপর রয়েছেন। বিলের পানিনিষ্কাশনের বিষয়টিও দেখা হবে।