পানি পান করতে যাওয়ায় শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি পান করতে যাওয়ায় এক শিক্ষার্থীকে বেদম পিটিয়েছেন শিক্ষক। গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলে এ ঘটনা ঘটেছে।
শিক্ষার্থী ও অভিভাবক সূত্র জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক স্কুলের পিয়নের ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে রামকান্তপুর গ্রামে যান। দুপুর সাড়ে ১২টা থেকে দ্বিতীয় শিফটের ক্লাস শুরু হলে শিক্ষকস্বল্পতার কারণে jকয়েকটি ক্লাস বন্ধ থাকে। একটার দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইব্রাহীম হোসেন ওরফে তানভীর পানি পান করার জন্য দুই বন্ধুকে নিয়ে তৃতীয় তলা থেকে নিচতলায় যাচ্ছিল। এ সময় রসায়ন বিভাগের শিক্ষক সোহেল রানা তাঁদের অনুমতি ছাড়া ক্লাস থেকে বের হওয়ায় শিক্ষার্থীদের তাড়া করেন। দুজন দৌড়ে পালিয়ে গেলেও তানভীরকে ধরে ওই শিক্ষক বেদম পেটান। বেত্রাঘাতে তার বাঁ হাতে থাকা ঘড়ি ভেঙে কবজির মধ্যে ঢুকে রক্তক্ষরণ হয়। তার শরীরের বিভিন্ন স্থান বেত্রাঘাতে ফুলে যায়।
শিক্ষকেরা সন্ধ্যারাতেই ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে অভিভাবকের সঙ্গে আলোচনা করে ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে তানভীর বলে, ‘ক্লাস ক্যাপ্টেনের অনুমতি নিয়েই পানি খেতে যাচ্ছিলাম।’ তার বাবা কামরুজ্জামান ও মা সুলতান তাহমিনা বলেন, ‘শিক্ষকেরা বাড়িতে এসেছিলেন। বিষয়টি মীমাংসা করেছেন।’
তবে প্রধান শিক্ষক আবদুল মজিদ বলেন, বিষয়টি দুঃখজনক। আগামীকাল (শনিবার) ওই শিক্ষককে কৈফিয়ত তলব করা হবে।