পানিতে ডুবিয়ে নাতিকে হত্যা মুড়ি বিক্রেতাকে পিটিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার বিকেলে বালতির পানিতে ডুবিয়ে তিন মাসের এক শিশুকে তার সৎ দাদি হত্যা করেছে। এ ছাড়া আশুলিয়ার শ্রীপুর মুন্সিপাড়া গ্রামে গতকাল বুধবার এক ঝালমুড়ি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলম (২৮) নামে এক তরুণ মুন্সিপাড়া হাজি আবদুর রহিম ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করছিলেন। ওই এলাকার জিয়াউর রহমান নামে এক তরুণ গতকাল বিকেল তিনটার দিকে তাঁর কাছে গিয়ে বাকিতে ঝাল মুড়ি চায়। শাহ আলম বাকি দিতে অপারগতা প্রকাশ করলে জিয়া তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় শাহ আলমকে সাভারের সুপার ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পরপরই স্থানীয় লোকজন জিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত শাহ আলম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রহমতপুর গ্রামের আবদুল হক সরকারের ছেলে। তিনি মুন্সিপাড়া এলাকায় থেকে ঝাল মুড়ি বিক্রি করতেন। আর জিয়া এলাকায় বখাটে প্রকৃতিরে ছেলে হিসেবে চিহ্নিত।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনার পরপরই জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ধামরাই থানা-পুলিশ জানায়, ধামরাইয়ের নরসিংহপুর গ্রামের মন্টু মিয়ার দ্বিতীয় স্ত্রী বিলকিস বেগম গত মঙ্গলবার বিকেলে তার সৎ ছেলে রাসেলের তিন মাসের শিশু ছেলে রিহাদকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করে। হত্যার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
রাসেল জানান, মায়ের মৃত্যুর পর তাঁর বাবা বিলকিস বেগমকে বিয়ে করেন। এরপর থেকেই সৎ মায়ের সঙ্গে নানা কারণে তাঁদের কলহ লেগে থাকত।
রাসেলের স্ত্রী শারমিন বেগম বলেন, তাঁর স্বামী ও শ্বশুরের সঙ্গে তিনি বাড়ির পাশে কাজ করছিলেন। রিহাদ তখন ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। এ সুযোগে তাঁর শাশুড়ি রিহাদকে নিয়ে একটি বালতির পানিতে ডুবিয়ে বালতিটি ঢেকে রাখে। এর কিছুক্ষণ পর ঘরে গিয়ে রিহাদকে না পেয়ে খোঁজাখুঁজির পর বালতির পানিতে তার লাশ দেখতে পান। পরে প্রতিবেশীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিলকিস বেগম রিহাদ হত্যার কথা স্বীকার করে। এ ব্যাপারে তার স্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বিলকিস তার নাতিকে হত্যা করার কথা স্বীকার করেছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।