পানিতে ডুবে নয়, চুবিয়ে মারা হয় মতিনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিহত ব্যবসায়ী আবদুল মতিনের স্ত্রী নুরতাজ বেগম দাবি করেছেন, পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে নয়, তাঁর স্বামীকে পানিতে চুবিয়ে হত্যা করেন পুলিশ কনস্টেবল আরিফুর রহমান।
নুরতাজ বেগম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে তিনি ও তাঁর স্বামী বাড়ির সামনে রাস্তার পাশে খড়ের গাদা থেকে খড় নিচ্ছিলেন। এ সময় সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তবে দুজনই সাদাপোশাকে ছিলেন। দ্রুতগামী মোটরসাইকেলটি হঠাৎ তাঁর স্বামীর শরীরে আঘাত করে। এ ঘটনার প্রতিবাদ করায় মোটরসাইকেলের আরোহী দুজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মতিনকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় তিনি খড়ের গাদার সামনে নিচু জায়গায় জমে থাকা হাঁটুপানিতে পড়ে যান। পানির মধ্যেই মতিনকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন আরিফুর। একপর্যায়ে চুবিয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে স্থানীয় লোকজনের পিটুনিতে প্রাণ হারান আরিফুর।
নুরতাজ বেগম ঘটনাস্থলে খড়ের গাদার পাশের ডোবা দেখিয়ে বলেন, ‘এইখানেই আমার স্বামীকে পানিতে চুবাইয়া মারছে পুলিশ। এইখানে হাঁটুপানি। এতে আমার স্বামী কীভাবে পানিতে ডুবে মরবে? আর পানি বেশি হলেও তাঁর ডুবে মরার কথা নয়, কারণ, তিনি সাঁতার জানতেন।’
আরিফুর রহমানকে গণপিটুনিতে হত্যা ও সরকারি কাজে বাধার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন তালুকদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
এ ছাড়া ব্যবসায়ী আবদুল মতিন ও পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনা তদন্তে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফোরকান শিকদার ও জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ। তিন দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, পুরো ঘটনার তদন্ত করা হবে। সেখান কার দায় ছিল, কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হবে।
ফোরকান শিকদার বলেন, পুলিশের দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় দায়িত্ব ও কর্তব্যকাজে অবহেলার জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, আরিফুর রহমানের লাশ গতকাল বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। সন্ধ্যায় বাড়ির কাছে কবরস্থান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওই কবরস্থানে তাঁকে দাফন করা হয়।