পানিনিষ্কাশনে বাধা দেওয়ায় চুবিয়ে হত্যা, মামলা দায়ের
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণের বিলের প্লাবিত অঞ্চলের পানিনিষ্কাশনকাজে বাধা দেওয়ায় গ্রামবাসী পানিতে চুবিয়ে মো. ইউনুস ওরফে আনা মিয়াকে (৬৫) হত্যা করেছে। তবে নিহত ব্যক্তির পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে শরীফ সরদার বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে শরীফ সরদার বাড়ির ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। ভোলা সদর হাসপাতালে লাশটি ময়নাতদন্ত শেষে পুলিশ নিহত ব্যক্তির পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ও ভোলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, নিহত ব্যক্তির শরীরে কাদাপানি ছাড়া কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
গত মঙ্গলবার বেলা একটার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গেলে ২৫ জন গ্রামবাসী বলেন, গ্রামের দক্ষিণের বিলে প্রায় ৩০০ একর জমি। ওই বিলে এখন সয়াবিন, মরিচ, মুগ, প্লেনডাল, সবজিসহ বিভিন্ন ফসল রয়েছে। গত এক সপ্তাহের বৃষ্টিতে বিলের ফসল ও আশপাশের বাড়িঘর প্লাবিত হয়ে আছে। পানিতে ফসল নষ্ট হচ্ছে এবং পুকুরের মাছ ভেসে যাচ্ছে।
গ্রামবাসী বলেন, গ্রামবাসী অপরিকল্পিতভাবে বাড়িঘর ও খামার নির্মাণ করায় এবং কালভার্টগুলো আটকে দেওয়ায় প্রতিবছর বিল প্লাবিত হয়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। বিলের পানি বের হওয়ার পথে গ্রামের আছির উদ্দিন বাড়ির মাকুসুদুর রহমান ও তাঁর চাচা মো. ইউনুস কয়েক একর জমিতে মাটি ফেলে সবজির খামার করেছেন। এ নিয়ে গত কয়েক বছর দক্ষিণের বিলের কৃষকদের সঙ্গে শরীফ সরদার বাড়ির লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়েছে। তাঁরা শিবপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নালা কেটে পানি বের করার আবেদন করেছেন। পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে শরীফ সরদার বাড়ির লোকজন গ্রামবাসীকে নিয়ে বাঁধ কেটে বিলের পানি নিষ্কাশন করতে যায়। এ সময় বাধা হয়ে দাঁড়ান মাকসুদ ও মো. ইউনুস। পরে গ্রামবাসী ইউনুস মিয়াকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বেলা ১১টার দিকে ভোলা সদর হাসপাতালে লাশটি নেওয়া হয়।
শিবপুর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন দাবি করেন, তিনি গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েছিলেন। তা বাস্তবায়নের আগেই শরীফ সরদার বাড়ির লোকজন বাঁধ কাটতে যায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মো. ইউনুস মিয়াকে পরিকল্পিত হত্যা করেছে শরীফ সরদার বাড়ির লোকজন। তারা প্রথমে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়, পরে কয়েকজন তাঁকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।