পানির উৎস ধ্বংসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আদিবাসী পাড়া-গ্রামের পানির উৎস ঝিরি (ছোট ছড়া), ঝরনা-খাল থেকে প্রাকৃতিক পাথর উত্তোলন করা হচ্ছে। এতে পানির উৎস ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
থানচির বলীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ক্যসাপ্রু মারমা, থানচি সদর ইউনিয়নের বাসিন্দা পলিনো সাচিং ত্রিপুরাসহ অনেকে বলেন, থানচি উপজেলা পরিষদের ভবণ নির্মাণকাজে পাথর দেওয়ার জন্য নকটোহা ঝিরি, মরিয়মপাড়া ঝিরি, নাইক্ষ্যংঝিরি, শীলাঝিরি, তিন্দু এলাকার বড় ইয়াংরে ও তিন্দুমুখ এলাকায় পাথর উত্তোলন করা হচ্ছে। তাঁরা বলেন, ঝিরি-ঝরনার যেখানে পাথর অপসারণ করা হচ্ছে, সেখানে দ্রুত পানি শুকিয়ে যাচ্ছে। পানি গরম হয়ে উঠছে এবং পানির ওপর একধরনের আস্তরণ পড়ছে।
মরিয়মপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) নসরাং ত্রিপুরা, আলীকদমের বাসিন্দা তংপ্রে ম্রো ও আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইন থপ ম্রো বলেন, আদিবাসী পাড়াগুলোর পানির একমাত্র উৎস খাড়া পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝিরি-ঝরনা। ঝিরিতে পাথরই পানি ধারণ করে রাখে। আর সেই পাথর অপসারণের কারণে স্বাভাবিকভাবে পানি শুকিয়ে যাচ্ছে। পাথর অপসারণ বন্ধ না হলে পানির উৎস শুকিয়ে পাড়া-গ্রামগুলো অচিরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক শহীদুল আলম বলেন, পার্বত্য চট্টগ্রামে পাথর উত্তোলনের জন্য পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি। পানির উৎস থেকে পাথর অপসারণের কারণে পরিবেশের বহুমাত্রিক ক্ষতি হবে, সে জন্য ছাড়পত্র দেওয়া হবে না। তিনি বলেন, পাথর অপসারণের কারণে পানির উৎস শুকিয়ে পাড়া-গ্রামগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।
থানচি উপজেলা পরিষদ ভবন নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদার আনিসুল ইসলাম ও নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ১০ হাজার ফুট পাথর সংগ্রহের জন্য তাঁরা থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা, উপজেলা জনসংহতি সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই ও তাঁতী দলের জেলা সাধারণ সম্পাদক সাগ্যচিংকে টাকা দিয়েছেন।
মংথোয়াইম্যা ও চসাথোয়াই মারমা ঝিরি থেকে পাথর আহরণের কথা স্বীকার করেছেন।
মরিয়মপাড়া ঝিরি এলাকার রায় বাহাদুর ত্রিপুরা বলেন, তিনি মংথোয়াইম্যা থেকে মণপ্রতি ৭০ টাকা করে নিয়ে এ পর্যন্ত দুই হাজার মণ পাথর তুলেছেন।
এদিকে আলীকদমের হেডম্যান, কার্বারি ও সাধারণ লোকজনের পক্ষ থেকে মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের কাছে দেওয়া পৃথক স্মারকলিপিতে বলা হয়, আওয়ামী লীগের আলীকদম উপজেলা সভাপতি ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম দুছড়ি, চম্পাঝিরি, রংরাং ঝিরি, গোদারঝিরি, ব্যাঙঝিরি, মিয়ংঝিরি, গুইসাপঝিরি, ফাতহ্ঝিরিসহ আদিবাসীপাড়ার পানির উৎসের পাথর তুলে নেওয়ায় এলাকাবাসী মারাত্মক সংকটে আছেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পাথর আহরণের জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে।
জামাল উদ্দিন পাথর তোলার অভিযোগ অস্বীকার করেছেন। আর আবুল কালাম বলেন, তাঁরা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সড়ক নির্মাণের জন্য পাথর সরবরাহ করছেন।
তবে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক হোসেন বলেন, পাথর উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট ইউএনওদের তদন্ত করতে বলা হয়েছে।
এদিকে লামা উপজেলার ইয়াসা, কাঠালছড়া, রিংভং; রোয়াংছড়ির অংতং খুমিপাড়া ও ঘেরাউ এলাকায় পাথর উত্তোলনের দৃশ্য ও পাথরের বিশাল বিশাল স্তূপ দেখা গেছে।