পানির কলে দুই কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দুই কেজি সোনাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা সদস্যরা।
গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম সেলিম উদ্দিন (৩০)। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ওই যাত্রীর সুটকেসের থাকা দুটি পানির কলের মধ্যে ১৮টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, জব্দ করা সোনার মূল্য এক কোটি টাকা।
মইনুল খান প্রথম আলোকে বলেন, বেলা ১১টায় দুবাই থেকে ঢাকা আসেন সেলিম। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে গ্রিন চ্যানেলের সামনে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। স্ক্যানারে পরীক্ষা করেও সোনার বারের সন্ধান মিলছিল না। পরে সেলিমের স্যুটকেসে থাকা দুটি কলের ভেতর সোনার বার পাওয়া যায়। কালো টেপের একটি প্যাকেটে সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন তিনি। স্ক্যানে যেন ধরা না পড়ে, সে জন্য প্যাকেটের ওপর তরল কেমিক্যাল মেখে রাখা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম উদ্দিন গোয়েন্দাদের জানান, তিনি প্রায়ই দুবাই যাতায়াত করেন। ২০ হাজার টাকা ও দুবাই আসা-যাওয়ার বিমান টিকিটের বিনিময়ে সোনার চালানটি দেশে নিয়ে আসেন। তবে এর মালিকের নাম তিনি জানেন না।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।