পানির পাম্পে সোয়া চার কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পানির পাম্পের (পানি টানার মোটর) ভেতরে সোয়া চার কেজি সোনা এনেছিলেন খোরশেদ আলম। কিন্তু ফাঁকি দিতে পারলেন না। সোনাসহ ধরা পড়েছেন শুল্ক গোয়েন্দাদের হাতে। দুবাই থেকে আনা ওই মোটর কেটে উদ্ধার করা হয়েছে ৩৬টি সোনার বার।
গতকাল বৃহস্পতিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় খোরশেদ আলমকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে (এফজেড ০৯৫) সোনার বার আনা হচ্ছে বলে তাঁরা খবর পান। ওই উড়োজাহাজটি বেলা সোয়া একটায় বিমানবন্দরে অবতরণ করে। ওই খবরের ভিত্তিতে লাগেজ বেল্ট থেকে মোটরটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। পরে সেটি কেটে ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়। মোটরটি ছিল খোরশেদ আলমের। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সোনার বারগুলো পাম্পের ভেতরে বিশেষভাবে ঢালাই করে রাখা হয়েছিল। খোরশেদকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।