পানের বরজ পুড়িয়ে জমি দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুরের চর আবাবিল গ্রামের আবদুল মান্নানের পানের বরজ গত সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়েছে l প্রথম আলো
লক্ষ্মীপুরের রায়পুরের চর আবাবিল গ্রামের আবদুল মান্নানের পানের বরজ গত সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়েছে l প্রথম আলো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল গ্রামে গতকাল মঙ্গলবার ভোররাতে কৃষক আবদুল মান্নানের একটি পানের বরজ প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়ে ৩২ শতাংশ জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে কয়েক লাখ টাকার পান পুড়ে নষ্ট হয়। এ সময় তারা অর্ধশত গাছও কেটে ফেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মান্নানের পানের বরজের জমিটি নিয়ে তাঁর সঙ্গে একই এলাকার আলাউদ্দিনদের বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও হয়।
গতকাল ভোরে আলাউদ্দিন ও ইয়াছিনের নেতৃত্বে ১৫-২০ লোক অস্ত্রশস্ত্র নিয়ে বরজে হামলা চালান। এ সময় তাঁরা বরজ তছনছ করে পানের লতা পুড়িয়ে দেন।
আবদুল মান্নান বলেন, ‘দেড় যুগ ধরে বরজের জমিটি আমার দখলে। আলাউদ্দিন হঠাৎ ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বরজটি ভেঙে ও
পুড়ে দেয়। অস্ত্রশস্ত্র থাকায় ভয়ে বাধা দিতে পারিনি। বরজটি করতে আমার প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে।’
তবে আলাউদ্দিন দাবি করেন, পানের বরজের জমিটির মালিকানা তাঁদের। এত দিন মান্নান জোর করে তা দখল করে রেখেছেন। তাঁদের জমি তাঁরা দখলে নিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, মান্নান পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তাঁকে থানায় মামলা করতে বলা হয়েছে।