পানের বরজে তিন বছরের শিশুর গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বানিনাতপুর গ্রামের একটি পানের বরজ থেকে গত শুক্রবার রাতে তিন বছর বয়সী একটি শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটির নাম ইনামুল হক। তার বাবা নুর ইসলাম উপজেলার জামজামি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে নুর ইসলামের প্রতিবেশী ফজলুল হক এবং তাঁর স্ত্রী খালেদা খাতুন, ছেলে রেজাউল হক ও জামাতা নায়েব আলীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে বানিনাতপুর গ্রামে গিয়ে দেখা যায়, নুর ইসলামের বাড়িতে অনেক মানুষের ভিড়। প্রতিবেশীরা জানান, নুর ইসলামের ছোট ছেলে ইনামুল শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয়। ওই দিন রাত ১১টার দিকে ফজলুল হকের পানের বরজে তার গলাকাটা লাশ পাওয়া যায়। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।
শিশুটির মা রহিমা খাতুন বিলাপ করে বলছিলেন, ‘ইনামুল সুন্দর করে কতা বুলায় ছেইলে-বুইড়ো সব্বাই ভালো বাইসতো। ছেইলেডারে সইঞ্জের (সন্ধ্যা) আগে দুদ (দুধ) খাওয়াইয়ে বুললাম ইকরামুলির (সেজো ছেলে ) ডাইকে আনতি। ডাকতি গিয়ে ফিরিনি।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, লাশ উদ্ধারের সময় পাশেই একগুচ্ছ মোরগ ফুল পাওয়া গেছে। ইনামুলের চাচি সহিদা খাতুন দাবি করেন, শুক্রবার সন্ধ্যার আগে ফজলুল হকের ছেলে মাদ্রাসাছাত্র আল আমিনের (১১) কোলে ইনামুলকে দেখেছেন। ওই সময় ইনামুল ও আল আমিনের হাতে মোরগ ফুল ছিল।
কয়েকজন প্রতিবেশী জানান, প্রায় এক বছর আগে নুর ইসলামের প্রতিবেশী ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। এ জন্য ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর তাঁর স্ত্রী রেহেনা খাতুনকে দোষ দিয়ে মারধর করেন। তখন নুর ইসলামের মেজো ছেলে আকরাম স্ত্রীকে মারার কারণে জাহাঙ্গীরকে কয়েকটা চড়-থাপ্পড় মারেন। সেই থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ।
ফজলুল হকের বাড়িতে গিয়ে তাঁর মেয়ে ফরিদা খাতুন ও পুত্রবধূ রেহেনা খাতুনকে পাওয়া যায়। ফরিদা বলেন, এক বছর আগে বিরোধ হলেও তা সমাধান হয়ে গেছে। তৃতীয় কোনো পক্ষ খুনের ঘটনা ঘটিয়ে তাঁদের ওপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কথা হয় ফজলুল হকের ছেলে আল আমিনের সঙ্গে। সে বলে, ‘ইনামুল আমারে ভাই বুইলে ডাইকতো। সন্দেবেলা আমি মাদরাসায় যাওয়ার আগেই উর মা আমার কাচ থিইকে তারে নিয়ে যায়।’
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।