পানের ভেতর টেকনাফ থেকে ঢাকায় এল ৬৫ হাজার ইয়াবা
কক্সবাজারের টেকনাফ থেকে পানের ভেতরে লুকিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা ঢাকা নিয়ে আসা একটি মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাজধানীর শ্যামপুর এলাকার পোস্তগোলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আইয়ুব (৩৫), আব্দুস শুকুর (৫৪) ও মো. আমির হোসেন (৬৫)।
বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
মাহফুজুর রহমান বলেন, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি মাদক কারবারি চক্র ঢাকায় আসছে। র্যাব সদর দপ্তরের এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে গেছেন কয়েকজন।
মাহফুজুর রহমান বলেন, তল্লাশি করে পানের ডালার ভাঁজে ভাঁজে থাকা ৩২৬টি প্যাকেটে থেকে মোট ৬৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।