পান্থপথ সড়কজুড়ে নানান বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্থপথের প্রধান সড়কের ওপর ভাগাড়। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে ভাগাড়ের বেষ্টনী ফুটপাতে হেলে পড়েছে। দুর্ভোগে পড়ছেন পথচারীরা। ছবিটি গত সোমবার দুপুরে শমরিতা হাসপাতালের সামনে থেকে তোলা l প্রথম আলো
পান্থপথের প্রধান সড়কের ওপর ভাগাড়। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে ভাগাড়ের বেষ্টনী ফুটপাতে হেলে পড়েছে। দুর্ভোগে পড়ছেন পথচারীরা। ছবিটি গত সোমবার দুপুরে শমরিতা হাসপাতালের সামনে থেকে তোলা l প্রথম আলো

ফুটপাতজুড়ে ময়লা, অবৈধ দোকান, নির্মাণসামগ্রী—সবকিছুই আছে। বিভিন্ন জায়গায় রিকশার গ্যারেজ ও গাড়ি ইচ্ছামতো পার্ক করা থাকে। পান্থপথ সড়কজুড়ে নানা বিশৃঙ্খলা।

শমরিতা হাসপাতালের উল্টো দিকে সেল সেন্টারের সামনে বড় বড় ময়লার কনটেইনার থাকে সব সময়। আশপাশের বাসাবাড়ির ময়লা এনে এখানে জমা করা হয়। সারাক্ষণই এখানে ময়লার কারবার চলে। পাশ দিয়ে যাওয়ার সময় নাক না চেপে হাঁটার উপায় নেই। মাসুদ হোসেন নামের স্থানীয় এক দোকানি বলেন, চারদিকে হাসপাতাল, অফিস, বাসাবাড়ি, এর মধ্যেই এত দুর্গন্ধ। রাস্তার অর্ধেক দখল থাকে ময়লার কারণে।

পুরো সড়কেই রিকশা দাঁড়ানো থাকে। কোথাও কোথাও সড়কে রিকশার গ্যারেজও করা হয়েছে। ইচ্ছামতো পার্ক করা থাকে ব্যক্তিগত গাড়িও। এখানে একই সারিতে বেশ কয়েকটি হাসপাতাল আছে। হাসপাতালমুখী গাড়িগুলো প্রায়ই সড়কের সামনে দাঁড়িয়ে থাকে। পেছনের অন্য যানগুলোতে তখন জট লেগে যায়। কয়েকজন পথচারী বলেন, নিয়ম না মেনে পার্কিংয়ের ফলে এ সড়কে যানজট সহজে কমে না।

পান্থপথ সিগন্যাল পার হয়ে সার্ক ফোয়ারার দিকে যেতে দুই পাশের ফুটপাতই দখল। এক পাশ পুরোটাই আসবাবের দোকানের মালামালে ভর্তি। দোকানগুলো ফুটপাত ছেড়ে হলেও আসবাব ফুটপাতে রাখা হচ্ছে। মেরামতও করা হচ্ছে সেখানে রেখে। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, দীর্ঘদিন থেকেই তাঁরা এভাবে ব্যবসা করে আসছেন। সারা শহরেই এ রকম হয়ে আসছে। তবে মাঝে মাঝে পুলিশ এসে তুলে দেয়।

পান্থপথ থেকে কাঁঠালবাগানের দিকে যেতে বাইপাস সড়কের মাঝে একটি সড়ক বিভাজক আছে। জায়গাটি পুরোটাই চায়ের দোকানিদের দখলে। এর ঠিক উল্টোদিকের ফুটপাতে ইট, বালু, সিমেন্ট এনে স্তূপ করা হচ্ছে। জানতে চাইলে একজন শ্রমিক বলেন, বসুন্ধরার কাজের জন্য আনা হয়েছে। গত সোমবার দেখা যায়, ফুটপাতে ছিন্নমূল মানুষদের আড্ডাস্থল। সেখানে বসেই ফুলের তোড়া বানাচ্ছেন তাঁরা। কয়েকজনকে ঘুমাতেও দেখা যায়।

বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে যেতে ফুটপাতের দুই পাশ পুরোটা হকারদের দখলে। বড় বড় কাগজের কার্টনে শার্ট, জুতা, বেল্টসহ অনেক পণ্যই বিক্রি হচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সিয়াম আহমেদ বলেন, ‘এখানে হেঁটে শান্তি নেই। প্রায়ই বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটি।’

পান্থপথের অনেকাংশই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর অধীন। এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সানাউল হক প্রথম আলোকে বলেন, এ সড়কে ময়লা রাখার জায়গা নেই। কলাবাগানের এসটিএস চালু হলে তখন এখানে ময়লা থাকবে না।

এ বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসটিএস নির্মাণ করার জন্য দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে জায়গা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ১৯টি এসটিএসের নির্মাণকাজ চলছে। কয়েক দিনের মধ্যে এগুলো চালু হলে সড়কে কনটেইনার থাকবে না।