পান্থপথের হোটেল ঘিরে রেখেছে পুলিশ
জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর পান্থপথে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পশ্চিম পাশে ছয় নম্বর ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভবনে অবস্থিত হোটেল ‘ওলিও গ্রিন হ্যাভেন’-এর ৩০১ নম্বর কক্ষে একজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সকাল সাড়ে নয়টায় কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, ভবনের চারতলায় হোটেলটির ৩০১ নম্বর কক্ষে জঙ্গি অবস্থান নিয়েছে।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সরেজমিনে দেখা যায়, ভবনটি ঘিরে রেখেছেন পুলিশ ও পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরা। ভবনের একটি তলায় ঢাকা ট্রিবিউন পত্রিকার অফিস। ফায়ার সার্ভিসের ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। এই সড়কের সামনে দিয়ে কোনো সাধারণ যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা এই হোটেলে অস্ত্র ও সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।