পাবনা ও কুড়িগ্রামে তিন খুন
পাবনার সদর ও সুজানগর উপজেলায় পৃথক ঘটনায় গত দুদিনে এক চা বিক্রেতা ও এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।
এদিকে জুয়া খেলায় বাধা দেওয়ায় কুড়িগ্রামের উলিপুরে স্ত্রী আনজামা বেগমকে (২৮) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার আনজামার বাবা আমজাদ হোসেন মামলা করেছেন।
পাবনা সদর থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মুঠোফোনে বন্ধুত্বের সূত্র ধরে সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দুবলিয়া গ্রামের এক যুবক শনিবার বিকেলে একই উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাঁর নারী বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় যুবকেরা ছেলেটিকে আটকে রেখে সালিস বৈঠক ডাকেন। খবর পেয়ে ছেলেটির স্বজনেরা ওই গ্রামে আসেন। এ সময় চা বিক্রেতা ও ওই নারীর প্রতিবেশী এনামুল হক (৪৫) ছেলেটিকে ছেড়ে দেন। এতে গ্রামের যুবকেরা ক্ষুব্ধ হয়ে রাত ১০টার দিকে এনামুলকে ডেকে অপমান করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে এনামুলের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় যুবকেরা তাঁকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই এনামুল মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, প্রচুর রক্তক্ষরণে এনামুল মারা গেছেন। এ ঘটনায় এনামুলের স্ত্রী শিল্পী খাতুন ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
সুজানগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সুজানগরের মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের মজিবর রহমানের স্ত্রী পিয়ারা খাতুনের (৩৮) একটি স্বর্ণের কানের দুল কয়েক দিন আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তিনি দুলটি পাননি। একপর্যায়ে পিয়ারা দেবর রুবেল হোসেনের কাছে গিয়ে দুল নিয়েছেন কি না জানতে চান। এতে রুবেল ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। গতকাল রোববার সকাল নয়টার দিকে ঝগড়ার একপর্যায়ে রুবেল বঁটি দিয়ে পিয়ারাকে কুপিয়ে পালিয়ে যান। প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সুজানগর থানার ওসি ওবায়দুল হক বলেন, ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছেন।
উলিপুর থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ গ্রামের আমজাদের মেয়ে আনজামার (২৮) সঙ্গে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামের সাদ্দাম হোসেনের (৩২) নয় বছর আগে বিবাহ হয়। গত মঙ্গলবার রাতে সাদ্দাম জুয়া খেলতে গেলে আনজামা সেখানে উপস্থিত হয়ে স্বামীকে জুয়া খেলতে বাধা দেন। এ সময় সাদ্দাম গালিগালাজ করে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন। রাতে বাড়িতে ফিরে আনজামাকে হত্যা করেন সাদ্দাম।
উলিপুর থানার ওসি এস কে আব্দুল্যা আল সাঈদ বলেন, এ ঘটনায় আমজাদ গত শুক্রবার থানায় হত্যা মামলা করেন। পুলিশ শুক্রবার রাতেই সাদ্দামকে গ্রেপ্তার করে। সাদ্দামকে গত শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।