পাবনা ও সিরাজগঞ্জ থেকে অপহরণ, বগুড়ায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা থেকে অপহরণ হওয়া আইনজীবী শামসুজ্জোহা জামি (৫৪) ও সিরাজগঞ্জ থেকে অপহৃত ইব্রাহিম শেখ (৩৮) নামের দুই ব্যক্তিকে গতকাল শুক্রবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।
শামসুজ্জোহার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামে। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সদস্য। ইব্রাহিম শেখের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী। আটক দুই ব্যক্তি হলেন বগুড়ার কাহালুর পিলসপাড়া গ্রামের আবদুল করিম (৩০) ও করমজাপাড়া গ্রামের ওবায়দুল ইসলাম (২৮)।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আবদুস সাত্তার (৩০) নামের এক যুবক ছদ্মনাম রাসেল বলে আইনজীবী শামসুজ্জোহার সঙ্গে মুঠোফোনে সম্পর্ক তৈরি করেন। তিনি ওই আইনজীবীকে দুলাভাই ডাকতেন। একপর্যায়ে রাসেল ছোট বোনের বিয়ের দাওয়াত দিয়ে শামসুজ্জোহাকে বগুড়া যেতে বলেন। গত বৃহস্পতিবার সকালে শামসুজ্জোহা নিজ বাড়ি থেকে বের হয়ে আদালতের উদ্দেশে রওনা দেন। আদালতের কাজ শেষ করে বগুড়ায় বিয়ের দাওয়াতে অংশ নিতে গেলে তাঁকে অপহরণ করা হয়। একই দিন একই কায়দায় দুলাভাই বানিয়ে সম্পর্ক গড়ে তুলে সিরাজগঞ্জের বেলকুচি থেকে ইব্রাহিমকে অপহরণ করা হয়।