পাবনা ও সিরাজগঞ্জে ব্যবসায়ীসহ দুজন খুন
পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসা থেকে গত মঙ্গলবার রাতে আক্তারুজ্জামান নামের এক বিক্রয়কর্মীর আট টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আর নিখোঁজের দুই দিন পর গতকাল বুধবার ভোরে সিরাজগঞ্জের কাজীপুর থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আক্তারুজ্জামান (৩৫) শহরের গাজী পাম্পের একটি বিক্রয়কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় রাহেনুজ্জামান (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই কুষ্টিয়ার মিরপুর উপজেলার নান্দিয়া পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা একই ভাড়া বাসায় থাকতেন। পুলিশের ভাষ্যমতে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাতে আক্তারুজ্জামানকে খুন করে গুমের উদ্দেশ্যে লাশ টুকরো করে বস্তায় ভরে রাখেন রােহনুজ্জামান।
পুলিশ ও আক্তারুজ্জামানের স্বজনদের সূত্রে জানা গেছে, আক্তারুজ্জামান মঙ্গলবার কর্মস্থলে যাননি। দিনভর তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় গাজী পাম্পের তিনজন কর্মী তাঁর খোঁজে ওই বাসায় যান। তাঁরা রাহেনুজ্জামানের কাছে আক্তারুজ্জামানের কথা জানতে চাইলে তিনি সন্দেহজনক কথাবার্তা বলেন। পরে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার শৌচাগারের ওপরের প্রকোষ্ঠ থেকে আক্তারুজ্জামানের টুকরো করা বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
সিরাজগঞ্জে নিহত ব্যবসায়ীর নাম মজনু মিয়া (৪০)। তাঁর বাড়ি কাজীপুরের মেঘাই গ্রামে। সোমবার সকালে মজনু তাঁর ব্যবসায়িক অংশীদার উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের জামাল হোসেন ও দোকানের কর্মচারী মিজানুর রহমানকে নিয়ে বের হন। সন্ধ্যায় মজনু বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন জামালের কাছে তাঁর খোঁজ করেন। এ সময় জামালের কথাবার্তায় সন্দেহ হলে মজনুর স্ত্রী রুপালি খাতুন মঙ্গলবার রাতে জামাল ও মিজানুরকে আসামি করে কাজীপুর থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি মজনুকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর তথ্যের ভিত্তিতে মাইজবাড়ির চর থেকে মজনুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। জামালের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান বলেনন, জামাল ১৬৪ ধারায় হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন। মিজানকে গ্রেপ্তারের চেস্টা চলছে।