পাবনা ও সিরাজগঞ্জে সন্ত্রাসীদের হাতে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে মিঠু হোসেন নামের এক যুবককে গুলি করে ও ফরিদপুরের দক্ষিণ রাউতনাগদাড়া গ্রামে ইসলাম প্রামাণিক নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। 
মিঠু হোসেনের (৩০) বাড়ি উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে। ইসলাম প্রামাণিকের (৬০) বাড়ি ওই গ্রামেই।
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রিকশাচালক আসাদুজ্জামান ওরফে লেদুকে (১৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আসাদুজ্জামান উপজেলার ভৈরব গ্রামের কৃষক বক্স মিয়ার ছেলে।
আটঘরিয়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মিঠু হোসেন সেলুনে কাজ করতেন। সকাল ১০টার দিকে তিনি চাচকিয়া পূর্বপাড়ায় সমিতির ঋণের কিস্তি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মিঠুর সঙ্গে চরমপন্থীদের যোগসাজশ ছিল। ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মিঠুর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
অপরদিকে বুধবার রাত ১১টার দিকে ফরিদপুরের নাগদাহপাড়া বাঁধের ওপর দাঁড়িয়ে ব্যবসায়ী ইসলাম প্রামাণিক এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় মিলন নামে এক যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।
ফরিদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহত ইসলামের সঙ্গে মিলনের টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রিজিয়া খাতুন বাদী হয়ে মিলনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। রাতেই মিলনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভৈরব গ্রামের রিকশাচালক আসাদুজ্জামানের লাশ লাহিড়ী মোহনপুর-তালগাছি আঞ্চলিক সড়কের ভৈরব সেতুর নিচ থেকে সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, লাশের গলায় কালোচিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কোনো ঘটনার জের ধরে বন্ধুবান্ধবেরা রাতের কোনো একসময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর সেতুর নিচে ফেলে রেখে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা বক্স মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।