পাবনা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি!
পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে গত মঙ্গলবার রাতে এক নবজাতককে চুরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নবজাতকটি সদর উপজেলার খয়েরসুতী গ্রামের শেলী খাতুন ও সৌদি আরবপ্রবাসী উকিল উদ্দিন দম্পতির প্রথম সন্তান।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি বিছানায় শুয়ে আছেন মা শেলী খাতুন। মেয়েকে হারানোর ব্যথায় তিনি কাতর। কেঁদে কেঁদে কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন।
পাশে বসা শেলীর মা ফরিদা খাতুন প্রথম আলোকে বলেন, সাত বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। শেলী রোববার সকালে ওই মেয়েশিশুর জন্ম দেন। মঙ্গলবার রাতে শেলীর শাশুড়ি হালিমা খাতুন নাতনিকে কোলে নিয়ে পায়চারি করছিলেন। রাত সাড়ে আটটার দিকে মধ্যবয়সী এক নারী এসে তাঁদের সঙ্গে পরিচিত হন। তিনিও এই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান। একপর্যায়ে ওই নারী শিশুটিকে কোলে তুলে নেন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে কথা বলতে বলতে শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও নবজাতকটিকে না পেয়ে পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতাল ও এর আশপাশের সব এলাকাতেই খোঁজ করেছি। এ ছাড়া নবজাতককে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।’
এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শ্যামল কুমার বসাক বলেন, ‘নবজাতক চুরির এই ঘটনায় আমরাও হতভম্ব। হাসপাতালের পরিচালক দেশের বাইরে আছেন। তিনি ফিরলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনার সঙ্গে হাসপাতাল-সংশ্লিষ্ট কারও যোগসূত্র বা অবহেলা আছে কি না, তা ক্ষতিয়ে দেখা হবে।’