পাবনায় গ্রামবাসীর দুপক্ষের সংঘর্ষে নিহত ১
পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় জলমহালে মাছ চাষ নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজিজুল ব্যাপারী (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, ‘কোনো পক্ষই এ বিষয়ে রাত ১০টা পর্যন্ত কোনো অভিযোগ করেনি। আমরা বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছি।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গ্রামের একটি জলমহালে মাছ চাষ নিয়ে স্থানীয় শহিদ বিশ্বাস ও হাবিবুর বিশ্বাস মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত বছর শহিদ বিশ্বাস ইজারা নিয়ে জলমহালটি ভোগ করেন। চলতি বছর নতুন করে ইজারা পান হাবিবুর বিশ্বাস। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষয়টি নিয়ে আবার কথা উঠলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি গুলিও করা হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত ছয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে আজিজুল ব্যাপারী মারা যান।