পাবনায় ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার দোগাছি পশ্চিমপাড়া গ্রামে ঘর থেকে গতকাল সোমবার এক মা ও তাঁর শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন বলছেন, শিশুটিকে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন। তবে ওই নারীর পরিবারের দাবি, হত্যার পর ঘটনা ধামাচাপা দিতেই আত্মহত্যার কথা বলা হচ্ছে।
নিহত মা-ছেলে হলেন পলি খাতুন (২০) ও তাঁর ১০ মাস বয়সী ছেলে জুবায়ের হোসেন। পলি ওই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে জালাল ও তাঁর বাবা শাহজাহান উদ্দিন পালাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জালালের মা নাজমা বেগমকে আটক করেছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় নাপিত জালাল উদ্দিনের সঙ্গে প্রায় তিন বছর আগে পলির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর প্রায়ই ঝগড়াবিবাদ হতো। গতকাল সকাল থেকে জালাল বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এগিয়ে এলে ঘরের ফ্যানের সঙ্গে পলি খাতুনের ঝুলন্ত লাশ ও বিছানায় শিশু জুবায়েরের লাশ দেখতে পান। এ সময় জালালের সঙ্গে তাঁর বাবা, মা ও মজনু হোসেন নামের এক প্রতিবেশী ছিলেন।
কয়েকজন প্রতিবেশী জানান, জালালের চিৎকারে শুনে তাঁরা ছুটে যান। জালাল তাঁদের জানান, দরজা ভেঙে তিনি দুজনের মৃতদেহ দেখতে পেয়েছেন। এ জন্য তাঁরা ধারণা করছে, শিশুটিকে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মজনু হোসেন দরজা ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুরতহালে দুজনের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান আবদুস সালাম।
মৃত পলি খাতুনের ভাই জনি হোসেন গতকাল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকে পলি ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। এরই জের ধরে আমার বোন ও ভাগনেকে হত্যার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয় লোকজনের দাবি, শিশুকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাবে। তবে ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী ও শ্বশুর পালাতক। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শাশুড়ি নাজমা বেগমকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।