পাবনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় নিয়ম ফুড লিমিটেড নামে একটি কারখানায় গতকাল শনিবার বিকেলে সাইকেল চুরির ঘটনায় চোর সন্দেহে তুলসী চন্দ্র দাস (২০) নামে হরিজন সম্প্রদায়ের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি শহরের অনন্তবাজার এলাকায় হরিজন কলোনির শাওন চন্দ্র দাসের ছেলে।
শাওন চন্দ্র দাস বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুলসী ওই কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। কারখানার এক কর্মচারীর একটি সাইকেল চুরিকে কেন্দ্র করে কোম্পানির লোকজন তাঁকে আটক করে বেদম মারধর করেন। সন্ধ্যা ছয়টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তুলসীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর স্বজন ও হরিজন কলোনির বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মৃতদেহ দেখে এসে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা নিয়ম ফুডের মালিক ফরহাদ হোসেন ও তাঁর ভাই আবদুল হান্নানের বাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা দেড়েক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, এ ঘটনায় গতকাল রাত ১০ টা পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।