পাবনায় দুটি কারখানা সিলগালা ও জরিমানা
পাবনার ফরিদপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল দুধ ও ঘি তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য তৈরির দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ওই অভিযান পরিচালিত হয়। এ সময় আদালত কয়েকটি কারখানার মালামাল ধ্বংস ও দুটি কারখানা সিলগালা করে দেন।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোমিন। তিনি বলেন, রমজান মাসে দুগ্ধজাত পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় ভেজাল দেওয়া শুরু হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ও আশপাশের এলাকার বেশ কিছু কারখানায় অভিযান চালানো হয়।
এর মধ্যে উপজেলার গোপালনগর গ্রামের পোপাল ঘোষকে ঘি তৈরির পর উচ্ছিষ্ট সংরক্ষণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই সব উচ্ছিষ্ট নকল দুধ ও ঘি তৈরির কাজে ব্যবহৃত হয়। একই গ্রামের বিপ্লব ঘোষ অস্বাস্থ্যকর পরিবেশে ছানার পানি সংরক্ষণ করায় তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে আদালত ডেমরা বাজারে অভিযান চালিয়ে কালাম হোসেনের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা রাখায় প্রায় ৭৫০ কেজি ছানা পানিতে ফেলে দিয়েছেন। এরপর দেবেন ঘোষের কারখানায় অভিযান চালিয়ে প্রায় আট মণ নষ্ট ছানা জব্দসহ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় দুধ ব্যবসায়ী সুমন হোসেন বলেন, ‘অতি লোভের কারণে কিছু অপরাধ হচ্ছিল। এখন আমরা সতর্ক আছি। কেউ ভেজাল দিলে আইনের হাতে তুলে দেব।’
এর আগে ৬ জুলাই ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটটি কারখানা সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।