পাবনায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ একজন নিহত
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামে গতকাল শুক্রবার দুপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মঙ্গল প্রামাণিক (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত রাশিদুল ইসলামসহ (২২) তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে কয়েকজন যুবক গ্রামের রুবেল হোসেনের মাছের খামারে একটি ঘরে বসে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটলে মঙ্গল প্রামাণিকের দুই হাতের কবজি উড়ে যায়। পায়ে আঘাত পেয়ে রাশিদুল ইসলাম আহত অবস্থায় অন্যদের নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় মঙ্গল প্রামাণিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জিয়াউল কাজিম খান জানান, মঙ্গলের ডান হাতের কবজি ও বাঁ হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাঁর মুখেও আঘাত লেগেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আহত রাশিদুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু গানপাউডার পাওয়া গেছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, নিহত ও আহত দুই ব্যক্তিই চরমপন্থী সংগঠনের সদস্য। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে তাঁরা বোমা তৈরি করছিলেন।