পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনার মধ্য শহর দিলালপুর মহল্লার টাউন হল পাড়ায় গত বুধবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন কয়েকজন যুবক।
এদিকে নিখোঁজ এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নূরপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম অনুপ আগরওয়ালা (৩২)। তিনি দিলালপুর মহল্লার তৈরি পোশাক ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে। তিনি নিজেও তৈরি পোশাকের ব্যবসা করতেন। নিহত অটোরিকশা চালকের নাম নাহিদ হোসেন (২২)। তিনি বুধবার দুপুরে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। নাহিদ আটঘরিয়ার রায়পুর গ্রামের আবুল কাশেমের ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, শহরের আলহাজ সুপার মার্কেটে অনুপ আগরওয়ালাদের তৈরি পোশাকের দোকান আছে। তাঁরা টাউনহল পাড়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। ব্যবসায়িক কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে প্রায়ই পাড়ার কিছু যুবক অনুপের কাছ থেকে চাঁদা নিতেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে অনুপ শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিন-চারজন যুবক তাঁকে ঘিরে ধরেন। এ সময় যুবকদের সঙ্গে প্রথমে তাঁর কথা-কাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাঁরা অনুপকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
অনুপের বাবা শ্যাম সুন্দর আগরওয়ালা বলেন, তাঁর ছেলে খুবই নিরীহ স্বভাবের। মহল্লার কিছু বখাটে প্রায়ই তাঁকে বিরক্ত করত। সপ্তাহে অন্তত দু-তিন দিন চাঁদা নিত। ঝামেলা এড়াতে অনুপ টাকা দিতেন। ঘটনার রাতে তাঁর কাছে কোনো টাকা ছিল না। বখাটেরা টাকা না পেয়ে তাঁকে হত্যা করেছে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, গলার নিচের অংশে ছুরির আঘাত লাগায় অনুপের একটি রগ কেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পাবনা সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদরের নূরপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে একটি ডোবায় নাহিদ হোসেনের লাশ পড়ে ছিল। স্থানীয় লোকজন তা দেখে থানায় খবর দেন। বেলা দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ন আছে।
নাহিদের ফুফা আবদুল করিম বলেন, বুধবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাহিদ। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। লাশ উদ্ধারের খবর শুনে তিনি পাবনায় গিয়ে তা শনাক্ত করেন।
সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, অনুপের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর নাহিদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।