পাবনায় ৮১ একর খাসজমি দখলের অভিযোগে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামে সরকারি প্রায় ৮১ একর জমি দখলের অভিযোগে ১৭ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ১২ জুলাই পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—চাটমোহর উপজেলার সিতলাই গ্রামের বৈদ্যনাথ সেন, বৈদ্যনাথ সেনের ছেলে সন্তোষ সেন, পাবনা শহরের কালাচাঁদ পাড়ার বিশ্বনাথ কর্মকার, রাধানগর মক্তবপাড়ার খোন্দকার আবদুল কুদ্দুস, দিলালপুর মহল্লার রফিকুল ইসলাম মহসীন, ভাজপাড়া গ্রামের আবদুল্লাহ আল মাহমুদ, কলাবাগান পাড়ার আবদুর রাজ্জাক, কৃষ্ণপুর মহল্লার আবুল কাশেম, আলী জব্বার, গোবিন্দা মহল্লার আবদুল বাতেন, আটুয়ার আতিয়ার রহমান, সমাজ গ্রামের আবুল হাসেম, আনসার মৃধা, ফরহাদ নাসিম সরকার, শফিকুল ইসলাম, ইলিয়াস উদ্দিন সরকার ও সিতলাই গ্রামের মৃত আবু বকরের স্ত্রী মরিয়ম খাতুন।
মামলার এজাহার থেকে জানা যায়, চাটমোহর উপজেলার সিতলাই জমিদার যোগেশ চন্দ্র মৈত্র ১৯৬৫ সালের শেষ দিকে সহায়সম্পদ ফেলে রেখে ভারতে চলে যান। তাঁর নামে এসএ রেকর্ডে উপজেলার ২৯ নম্বর সমাজ মৌজার ২৬ নম্বর খতিয়ানে ১৪০ দাগে ৮৪ দশমিক ২২ একর জমি রেকর্ড হয়। পরে আরএস রেকর্ড হলে ৮১৫ নম্বর খতিয়ানে ওই জমিদারের পক্ষে বাংলাদেশ সরকারের নামে ৮০ দশমিক ৭৯ একর জমি রেকর্ড হয়। কিন্তু আসামিরা যোগসাজশে ৮১৫ নম্বর খতিয়ান বইয়ের দুটি পাতা সরিয়ে ফেলেন। পরে তাঁরা নতুন করে নিজেদের নামে ওই দুই পাতা ছাপিয়ে সেটেলমেন্ট অফিসের মাধ্যমে প্রকাশ ও ভলিউম বই বাঁধাই শেষে ভূমি জরিপ অধিদপ্তর থেকে পাবনার বিভিন্ন দপ্তরে প্রদান করেন।
মামলার বাদী জালাল উদ্দিন বলেন, আসামি রফিকুল ইসলাম ওরফে মহসীন চাটমোহরে ভূমি অফিসে তহসিলদার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মাধ্যমেই অন্য আসামিরা জালিয়াতির মাধ্যমে জমিগুলো আত্মসাৎ ও ভোগদখলে নেয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে তদন্তের ভার দুদকের ওপরই থাকবে।