পাবনার আরও পাঁচজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার অধিবাসী আরও পাঁচজন দেশের বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হয়েছেন বলে দাবি করা হয়েছে তাঁদের পরিবারের পক্ষ থেকে। গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়।
এ নিয়ে গত দেড় মাসে মোট ১০ জনের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠল পাবনার এই একটি উপজেলা থেকে। গতকাল যে পাঁচজনের নিখোঁজ হওয়ার দাবি তোলা হয়েছে, তাঁরা ওই এলাকার লোক হলেও ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে থাকেন।
গতকালের সংবাদ সম্মেলনে এ পর্যন্ত নিখোঁজ ১০ জনের স্বজনেরাই উপস্থিত ছিলেন।
গতকাল নতুন করে প্রকািশত হওয়া নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তাঁদের স্বজনেরা জানান, ফরিদপুর উপজেলার সাভার গ্রামের আহম্মদ আলীর ছেলে রমজান আলী (৪০), আবদুস সামাদের ছেলে দুলাল হোসেন (২২), সাইদুর রহমানের ছেলে সুরুজ হোসেন (২৩), মুক্তার আলীর ছেলে লিটন হোসেন (২৫) ও শফিউর রহমানের ছেলে আবু সাঈদ (২৩)—এই পাঁচজনকে গত ২১ এপ্রিল থেকে ২২ মে সময়ের মধ্যে আলাদাভাবে তুলে নিয়ে যাওয়া হয়।
নিখোঁজ ব্যক্তিরা সবাই দিনমজুর ও নির্মাণশ্রমিক। রমজান আলী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণশ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখান থেকে ২২ মে রাতে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। দুলাল হোসেন ও সুরুজ হোসেন থাকতেন ঢাকার হাজারীবাগে। গত ২১ এপ্রিল তাঁদের ধরা হয়। আবু সাঈদ গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। তাঁকে ধরা হয়েছে ১১ মে রাতে। নিখোঁজ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে খোঁজ করেও তাঁদের কোনো হদিস পাননি স্বজনেরা।
এর আগে ১১ মে ভোরে পাবনার ফরিদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচজনকে। তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে ২২ ও ২৪ মে প্রথম আলোয় দুটি সংবাদ প্রকাশিত হয়। ওই পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন সহোদর। চারজনের পরিবার জানিয়েছিল, রাতে একদল কালো পোশাকধারী ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের ধরে নিয়ে যায়।
গতকাল লিখিত বক্তব্যে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা জানান, গত ফেব্রুয়ারি মাসে উপজেলার সাভার গ্রামে যুবদলের নেতা সাইফুল ইসলাম খুন হন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি মামলা হয় থানায়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে চারজন ওই মামলার আসামি। স্বজনদের দাবি, ওই খুনের ঘটনাকে কেন্দ্র করেই সবাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজ রমজান আলীর ভাই আলী আশরাফ বলেন, দেড় মাস ধরে সাভার গ্রামের প্রতিটি মানুষের ঘুম হারাম হয়ে গেছে। সবাই এখন গুম-আতঙ্কে ভুগছেন।
জানতে চাইলে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘পাঁচজনের সঙ্গে নতুন করে আরও পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি আমরা। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যুবদলের নেতা সাইফুল ইসলামের খুনের সঙ্গে এই নিখোঁজের কোনো যোগসূত্র আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’
র্যা ব-১২-এর পরিচালক শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। গণমাধ্যমেও বিষয়টি এসেছে। আমরা অনুসন্ধান করে দেখছি।’