পাবনার নিখোঁজ তিন ভাইসহ পাঁচজন হবিগঞ্জ থেকে আটক!
পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রাম থেকে নিখোঁজ তিন ভাইসহ পাঁচজনকে আটকের পর থানায় হস্তান্তর করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে তাঁদের আটক করা হয়েছে।
গতকাল ভোরে মাধবপুরের জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর থেকে ৩৫৫টি ইয়াবা বড়িসহ তাঁদের আটক করা হয়। পরে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া গ্রামের আবদুল করিম সরদারের তিন ছেলে টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫) ও সাদ্দাম সরদার (২০) এবং উপজেলা সদরের জুলু প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (২৫) ও মোফাজ্জল হোসেনের ছেলে দুলাল হোসেন (৩৫)।
গত ১১ মে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাঁদের বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। তিন ভাইয়ের বাবা আবদুল করিম সরদারের দাবি, ওই দিন ভোর চারটার দিকে একদল কালো পোশাকধারী লোক এসে বাড়ি থেকে তাঁর ছেলেদের তুলে নিয়ে যান। এ নিয়ে গত ২২, ২৪, ২৬, ২৮, ২৯ মে ও ২২ জুন প্রথম আলোতে ছয়টি সংবাদ প্রকাশিত হয়।
গত ২৫ মে আটক এই পাঁচজনসহ মোট ১০ জনের পরিবার পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁদের স্বজনদের নিখোঁজ হওয়ার খবর জানান। তাঁদের মধ্যে চারজনকে গত ২৯ মে রাজধানীর পল্টন এলাকা থেকে র্যা ব-৩-এর সদস্যরা গ্রেপ্তার করেন। এখন গতকাল ভোরে গ্রেপ্তার হওয়া পাঁচজন মিলিয়ে এ পর্যন্ত মোট ৯ জনের খোঁজ মিলল। একজন এখনো নিখোঁজ।
ফরিদপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘হবিগঞ্জ থেকে আটকের পরপরই মাধবপুর থানা-পুলিশ আমাদের বিষয়টি জানায়।’