পাবনার নিখোঁজ ১০ জনের চারজন ঢাকায় গ্রেপ্তার
পাবনার ফরিদপুর উপজেলা থেকে নিখোঁজ হওয়া ১০ জনের মধ্যে চারজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে র্যাব। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে র্যাব বলেছে, গত শুক্রবার রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজন এক মাস ছয় দিন এবং একজন ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজ বাকি ছয়জনের এখনো কোনো হদিস মেলেনি। তাঁদের পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।
এত দিন নিখোঁজ থাকার পর হঠাৎ করে তাঁদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা গত শুক্রবার তাদের গ্রেপ্তার করেছি। এর আগে কেউ তাদের গ্রেপ্তার করেছিল কি না, সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
গতকাল র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার হওয়া চারজন হলেন রমজান আলী (৩৮), সুরুজ আলী (২২), দুলাল হোসেন (২৪) ও লিটন ইসলাম (২০)। গত শুক্রবার তাঁদের রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার আবদুল করিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে লিটন ছাড়া সবাই ফরিদপুরের সাভার গ্রামের যুবদল নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি। মামলার এজাহারে লিটনের নাম নেই। গ্রেপ্তার হওয়া রমজান আলী বলেছেন, হত্যাকাণ্ডে লিটনও জড়িত ছিলেন।
গত ২ ফেব্রুয়ারি ফরিদপুর উপজেলার সাভার গ্রামে প্রকাশ্যে সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সাইফুলের স্ত্রী রেবেকা সুলতানা ফরিদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে লিটনের নামে কোনো মামলা নেই। বাকি তিনজন হত্যা মামলার আসামি।
নিখোঁজ ১০ জনের স্বজনেরা ২৫ মে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা অভিযোগ করেছিলেন, গ্রেপ্তার হওয়া রমজানকে ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এবং সুরুজ, দুলাল ও লিটনকে গত ২২ এপ্রিল রাজধানীর হাজারীবাগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। এ ছাড়া, ১১ মে ফরিদপুরের খাগড়বাড়িয়া গ্রাম থেকে তিন সহোদর টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫), সাদ্দাম সরদারসহ (২০) পাঁচজনকে তুলে নিয়ে যাওয়া হয়। অন্য দুজন হলেন দুলাল হোসেন (৩৫) ও রনি প্রামাণিক (২৫)। পরদিন ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন আবু সাঈদ (২২)। এখনো নিখোঁজ ছয়জনের মধ্যে দুলাল হোসেন (৩৫) সাইফুল হত্যা মামলার আসামি।
গতকাল র্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাইফুল হত্যাকাণ্ডের পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে রাজধানীর পল্টন এলাকায় র্যাব-৩-এর একটি দল অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাবকে জানিয়েছেন, সাইফুলের সঙ্গে হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল।
র্যাব জানিয়েছে, গত ২৮ জানুয়ারি সাইফুল হত্যা মামলার ১০ নম্বর আসামি ইমরান হোসেনের বাড়িতে একটি গোপন সভা হয়। এই সভায় হত্যা মামলার আসামিরা ও তাঁদের সঙ্গে কয়েকজন সাইফুলকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রড, হাঁসুয়া, রামদা ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।