পাবনার সঙ্গে ঢাকাসহ সব রুটে বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসশ্রমিকদের মারধর, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এতে সমর্থন দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ। গত সোমবার রাতে পাবনার শ্রমিক ও মালিকেরা বৈঠক করে ধর্মঘটের এ সিদ্ধান্ত নেন। 

ধর্মঘটে পাবনা থেকে সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও লেগুনায় তারা দূর-দূরান্তের পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে। এদিকে এ দ্বন্দ্বের জের ধরে তিন দিন ধরে পাবনা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সেখানেও ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন খান বলেন, বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মালিক-শ্রমিক সমিতির নেতা পরিচয়ে কিছু ব্যক্তি পাবনার বাসশ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। চাঁদা না দিলে তাঁরা বাসশ্রমিকদের মারধর ও নানাভাবে হয়রানি করছেন। বিষয়টি নিয়ে কয়েক দফা সিরাজগঞ্জ বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলা হলেও কাজ হয়নি। ফলে বাধ্য হয়ে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জীবন কুমার সরকার বলেন, ‘গত সোমবার সন্ধ্যায়ও আমাদের এক শ্রমিককে উল্লাপাড়ায় মারপিট করা হয়েছে। এতে শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে পারে না।’

এদিকে ধর্মঘটের কারণে গতকাল ভোর থেকে পাবনার সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাইকিং করে সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

গতকাল দুপুর ১২টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিদিনের ব্যস্ততম টার্মিনাল এলাকা সুনসান নীরব। ভেতরে সারিবদ্ধ অবস্থায় আছে কয়েক শ বাস-মিনিবাস। শ্রমিকেরা সেগুলো ধোয়ামোছাসহ নানা টুকটাক কাজ সারছেন। টার্মিনালের বাইরে ঢাকা-পাবনা মহাসড়কে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যাত্রীরা। ইঞ্জিনচালিত নছিমন, করিমন, লেগুনা যা আসছে, হুড়মুড় করে তাতেই উঠে পড়ছে তারা।

পাবনা শহরের পৈলানপুর মহল্লার মধ্যবয়সী নারী আঞ্জুমান আরা বলেন, তিনি সিরাজগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়েছেন। দুই ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাননি।

বাসের অপেক্ষায় থাকা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি মাস্টার্স শেষ বর্ষের ছাত্র নাজিমুদ্দিন মিলন বলেন, ‘চাকরিসংক্রান্ত জরুরি কাজে ঢাকার যাওয়া দরকার। কিন্তু কোনো বাস নেই। হঠাৎ এই ধর্মঘটে চরম সমস্যার মধ্যে আছি।’

এদিকে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র থেকে জানা গেছে, ২৩ এপ্রিল উল্লাপাড়ার একটি বাস পাবনার বেড়া বাসস্ট্যান্ডে গেলে স্থানীয় মোটর শ্রমিকেরা ওই বাসের চালক ও হেলপারদের বেধড়ক পেটান। এর প্রতিবাদে ২৪ এপ্রিল থেকে উল্লাপাড়ার মোটর ট্রাক-কাভার্ড ভ্যানশ্রমিকেরা এ উপজেলা দিয়ে পাবনার সব বাস চলাচল বন্ধ করে দেন। এর ফলে দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়ার আমির আলী বলেন, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোতেও ভিড় বেড়েছে। ঢাকা যাওয়ার জন্য গতকাল উল্লাপাড়া রেলস্টেশনে পরপর দুটি ঢাকাগামী ট্রেনে ওঠার চেষ্টা করেও ভিড়ের কারণে উঠতে পারেননি।

কাঁচামাল ব্যবসায়ী আবদুস সবুর বলেন, তাঁরা বেড়া ও সুজানগর থেকে সবজি এনে উল্লাপাড়ায় বেচা-কেনা করেন। বাস চলাচল বন্ধ থাকায় তিন দিন ধরে তাঁদের ব্যবসাও বন্ধ।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপের প্রশাসক ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা পাবনা ও সিরাজগঞ্জের মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষ আগামীকাল (আজ বুধবার) বেলা ১১টায় বৈঠকে বসার কথা জানিয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। আশা করছি বৈঠকে বসলে সমস্যাটির সমাধান হবে।’

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তিনি পাবনা-ঢাকা রুটে বাস চলাচল পুনরায় শুরুর উদ্দেশ্যে গতকাল উল্লাপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসেছিলেন। কিন্তু নেতারা তাঁদের শ্রমিক-কর্মচারীদের মারধরের বিচার না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন। পাবনার নেতাদের সঙ্গে যোগাযোগ করে দুপক্ষের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।