এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তানজিল হোসেন। কিন্তু পরীক্ষা শেষ করার আগেই স্থানীয় মানব পাচার চক্রের খপ্পরে পরে সে। একটি পরীক্ষা বাকি থাকতেই দালালের সঙ্গে বাড়ি ছাড়ে বিদেশ যাওয়ার আশায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ নেই।
তানজিলের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বন্যাগাড়ি গ্রামে। দরিদ্র বাবা জামাত আলী একজন দিনমজুর। বিদেশ যাওয়ার জন্য তিনি ২০ হাজার টাকা ও ছেলেকে তুলে দিয়েছিলেন দালালের হাতে। এরপর ছেলেকে ফিরে পাওয়ার জন্য আরও এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ছেলের কোনো খোঁজ পাননি।
এ ব্যাপারে তানজিলের মা মোমেনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চার দিনে লাউ (নৌকা) ছাড়বি, সাত দিনে ইন্দোনেশিয়া পায়া যাবু। এই কথা কয়া আমার ছেলেডাক লিয়ে গেল। সেই যে গেছে আর ফিরে আসে নাই। আমি আমার ছেলেক ফিরে চাই।’
তবে শুধু তানজিলই নয়। তার সঙ্গে নিখোঁজ হয়েছে একই গ্রাম ও পাশের দুটি গ্রামের আরও ছয়জন। নিখোঁজ অন্য ছয়জন হলেন বন্যাগাড়ি গ্রামের রফিকুল ইসলাম (২৮), শুকুর আলী (৩৪), জুয়েল হোসেন (৩০) ও জাহিদুল ইসলাম (৩২)এবং পাশের আটলঙ্কা গ্রামের হোসেন আলী (৩৬) ও মূলগ্রাম পুকুর পাড়ার জাকির হোসেন (৩৫)।
একইভাবে জেলার সুজানগর উপজেলার উলাট গ্রামের আরও চারজন দালাল চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন। এই চার ব্যক্তি হলেন বাচ্চু শেখ (২৫), বাকি শেখ (২৩), সাদ্দাম শেখ (২০) ও হানিফ (২০)।
বন্যাগাড়ি গ্রামের নিখোঁজ রফিকুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন ও জুয়েলের বাবা আবদুর রশিদ এবং অন্যদের স্বজনেরা দাবি করেন, তাঁরা সবাই দরিদ্র দিনমজুর। রিকশাভ্যান চালিয়ে এবং শ্রমিক হিসেবে কাজ করে তাঁদের সন্তানেরা সংসার চালাতেন। শাপলা খাতুন বলেন, ‘ওই গ্রামের জয়নাল শেখের ছেলে শরীফ উদ্দিন ও জনাব আলীর ছেলে সুজন হোসেন অল্প টাকায় বিদেশে পাঠানোর কথা বলে ছেলেগুলোর মাথা নষ্ট করে দেয়। তারা দিনের পর দিন এদের পেছনে ঘুরতে থাকে। জনপ্রতি ২০ হাজার টাকা করে দিলে ইন্দোনেশিয়া যেতে পারবে বলে জানানো হয়। একপর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০ হাজার টাকার বিনিময়ে দুই দালাল ছেলেদের নিয়ে গ্রাম ছাড়ে।’ কিছুদিন পর দালাল চক্র মুঠোফোনে কল করে আরও এক লাখ টাকা করে দাবি করে। অন্যথায় সন্তানেরা বিপদে পড়বে বলে পরিবারকে জানায়। এতে বাধ্য হয়ে সহায়সম্বল বিক্রি করে পরিবারের লোকজন দালালদের আরও এক লাখ টাকা করে দেন। এরপর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
উলাট গ্রামের নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা দাবি করেন, ওই গ্রামের মোনজেদ মোল্লা নামে এক দালাল সমুদ্রপথে থাইল্যান্ড পাঠানোর কথা বলে প্রথমে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে চারজনকে নিয়ে চট্টগ্রামে যান। পরে এপ্রিল মাসের শেষ দিকে কাশেম নামের এক ব্যক্তি মুঠোফোনে ফোন করে সবার পরিবারকে ২ লাখ ৩০ হাজার টাকা করে দিতে বলেন। অন্যথায় সন্তানদের বিপদ হবে বলে জানান। বাধ্য হয়ে ওই চার পরিবার গত ১৬ মে ইসলামী ব্যাংক সুজানগর শাখা থেকে ইসলামী ব্যাংক যশোর শাখায় ৯ লাখ ২০ হাজার টাকা পাঠায়। কিন্তু এরপর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
উলাট গ্রামের নিখোঁজ বাচ্চু শেখের ভাই শফিকুল শেখ বলেন, ‘দালাল ফোন করে জানায় আমার ভাইসহ অন্যরা নৌকায় সমুদ্রে ভাসছে। টাকা না দিলে তারা বিদেশ যেতে পারবে না। সমুদ্রে ডুবে মারা যাবে। তাই ভাইয়ের জীবন রক্ষার্থে বাধ্য হয়ে টাকা পাঠানো হয়েছে। কিন্তু এরপরও ভাইয়ের কোনো খোঁজ পাইনি। দালালদের সব মুঠোফোন নম্বরও বন্ধ আছে।’
এ ব্যাপারে পাবনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত ঘোষ বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাবনা থেকে মানব পাচারের কোনো অভিযোগ পাইনি। এ-সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই।’
পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘পাবনা থেকে নিখোঁজের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। এখন পর্যন্ত থাইল্যান্ড ও মালয়েশিয়ায় উদ্ধার হওয়া জীবিত অভিবাসীদের মধ্যে পাবনার ৩৮ জনের খোঁজ মিলেছে। সরকারের নির্দেশে আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এই নিখোঁজ ব্যক্তিরাও থাকতে পারেন। তাঁরা দেশে ফিরে এলে বিষয়টি পরিষ্কার হবে। অন্যদিকে দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’