পাবনা থেকে এক কলেজছাত্রকে অপহরণের আট ঘণ্টা পর সিরাজগঞ্জের ডিবি (গোয়েন্দা) পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলাকালে পুলিশ ও অপহরণকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধসহ চার অপহরণকারীকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলো উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর স্কুলপাড়ার বিশু সরকারের ছেলে অটোরিকশাচালক নজরুল ইসলাম (২৯), বাঙ্গালা ইউনিয়নের সিমলা গ্রামের ফরিদুল ইসলাম (৩৫), রহিমপুর গ্রামের রেজাউল (৩২) ও রামকান্তপুর নদীরপাড়ের শফিকুল মণ্ডল (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, একটি চাকু, ছয়টি হাতবোমা ও একটি হাতকড়া উদ্ধার করেছে। অপহৃত কলেজছাত্র আসাদুল আলম (২২) পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র।
আসাদুল আলম বলেন, বিদেশে লোক পাঠানোর বিষয়ে চাকরি প্রার্থীদের ট্রেনিং করানোর কথা বলে অপহরণকারীরা তাঁকে মুঠোফোনে উল্লাপাড়ায় আসতে বলেছিল। এ জন্য তিনি শনিবার দুপুরে বাসে করে উল্লাপাড়ায় আসেন। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁকে একটি বাড়িতে আটকে রাখে। রাতে সিএনজিচালিত অটোরিকশায় তাঁকে সিরাজগঞ্জের দিকে নিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর বেইলি সেতু এলাকায় অবস্থান নেয়। অটোরিকশাটির গতি রোধ করার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় প্রায় ১৫টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একজন অপহরণকারী পালিয়ে গেলেও পুলিশের ছোড়া গুলিতে অপহরণকারী দলের রেজাউল ইসলাম আহত হয়। পরে পুলিশ অপহৃত কলেজছাত্র আসাদুল আলমকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করে।
রাতেই তিন অপহরণকারীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রেজাউলকে আহত অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জমান বলেন, এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) বেনু রায় বাদী হয়ে কামারখন্দ থানায় অস্ত্র, বিস্ফোরক ও অপহরণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করার পর রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দীন আহমেদ বলেন, আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছে। এর আগে তারা কয়েকটি অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। এরা সবাই পেশাদার অপহরণকারী দলের সদস্য।