প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মসজিদ পাড়ায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন ওই মহল্লার মোকাররম সর্দার ওরফে মোকাই (৪৫) ও আনোয়ার হোসেন ওরফে লাল (৪০)। র্যাবের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্র বিক্রির কাজে তাঁরা মহল্লাতেই অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি একটি ম্যাগাজিন, দুটি খালি ম্যাগাজিন, একটি চাপাতি, দুটি লোহার ছোরা এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।