পাবনায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২
পাবনার সদর উপজেলার একটি গ্রামে গতকাল রোববার রিপন হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রিপনের বাড়ি উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, সম্প্রতি হরিনারায়ণপুর গ্রামে ইজিবর বিশ্বাসের বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। এ জন্য তিনি শফিউর রহমান শফি (২৮) নামের এক যুবককে দায়ী করেন। বিষয়টি নিয়ে গতকাল সকালে গ্রামে সালিস বসে। সেখানে রিপন হোসেন বিচারকের দায়িত্ব পালন করেন। তিনি ছাগল চুরির অপরাধে শফিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এতে শফি ও তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে রিপন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চার-পাঁচজনের একটি দল তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রিপন মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁর মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম বলেন, ধারণা করা হচ্ছে সালিসে জরিমানার জের ধরে প্রতিপক্ষের লোকজন রিপনকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে শফি ও তাঁর বাবা আজিজ উদ্দিনকে (৫২) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিপনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।