পাবনায় এবার আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমানকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে জেলা সদরের উত্তর শালগাড়িয়া মহল্লায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি ওই মহল্লাতেই।
সাইদুর পাবনা পৌরসভার সাবেক কউন্সিলর ছিলেন। তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ৮ নভেম্বর রাতে শহরের আবদুল হামিদ সড়কে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হককে (৪২) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সাইদুর রহমান বুধবার রাত সাড়ে নয়টার দিকে শালগাড়িয়া মহল্লার বাইপাস মোড়ে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে চাপাতি দিয়ে দুটি কোপ দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে রাতেই সাইদুর রহমানের সমর্থকেরা জেলা শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।