পাবনায় কৃষক সমিতির নেতাকে গুলি করে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে আবদুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আবদুর রশিদ জাতীয় কৃষক সমিতি আটঘরিয়া উপজেলা শাখার সহসভাপতি ও ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার সদস্য ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে নয়টার দিকে আবদুর রশিদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছেন। তবে কে বা করা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পারেননি। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরাও কারও নাম বলেননি। তবে ধারণা করা হচ্ছে, চরমপন্থীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন বলেন, ‘আমাদের জানামতে স্থানীয় চরমপন্থীরা তাঁকে বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছে। তাঁর কোনো শত্রু ছিল বলে আমাদের জানা নেই।’