পাবনায় গির্জার প্রহরীকে কুপিয়ে জখম, আটক ৩
পাবনার চাটমোহরে গত বৃহস্পতিবার রাতে একটি গির্জার এক নৈশপ্রহরীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গিলবার্ট কস্তা (৬৫) নামের ওই প্রহরীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, স্থানীয় কিছু যুবকের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
গিলবার্ট চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাধবী রিতার গির্জার নৈশপ্রহরী। তাঁর বাড়ি হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের তিন তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। তাঁরা হলেন আবদুল হকের ছেলে রাজীব হক (১৮), আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৮) ও লাল চাঁদ মিয়ার ছেলে ফরিদ হোসেন (১৭)।
এর আগে ২০১৫ সালের ৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট চার্চের যাজক লুক সরকারকে হত্যার চেষ্টা ও গত বছরের ১০ জুন পাবনা সদরের শ্রীশ্রী অনুকুল চন্দ্র ঠাকুর আশ্রমের সেবায়েতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘গির্জার নৈশপ্রহরীর ওপর হামলার ঘটনার সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টতা নেই, এটা আমরা পরিষ্কার। ইতিমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। অনেক তথ্যও মিলেছে। গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
হাসপাতালে চিকিৎসাধীন গিলবার্ট কস্তা বলেন, গির্জার বারান্দায় ঘুমিয়ে ছিলেন তিনি। রাত সাড়ে তিনটার দিকে তিন-চারজন যুবক সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকেন। তাঁরা তাঁর ঘুম ভাঙিয়ে ‘ফাদার হাউসের’ চাবি চান। চাবি নেই জানালে যুবকেরা ক্ষিপ্ত হয়ে সেদিকে এগোনোর চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাঁরা তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। তাঁর চিৎকারে গির্জার অন্য কর্মীরা এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
গিলবার্ট বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। এর পরও কেন এ ঘটনা তা আমি জানি না।’ তাঁর ছোট ভাই বকুল কস্তা বলেন, তাঁর ধারণা কোনো অসৎ উদ্দেশ্যে দুর্বৃত্তরা চার্চে গিয়েছিল। সেটা ডাকাতি বা চার্চের আবাসিক হোস্টেলে থাকা মেয়েদের সঙ্গে বখাটেপনাও হতে পারে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আহসান হাবীব বলেন, ওই ঘটনায় আটক তিন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা, কোনো পূর্বশত্রুতা থেকে ঘটনাটি ঘটেছে। গিলবার্টের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
গতকাল শুক্রবার দুপুরে গির্জার একাধিক কর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, চাটমোহর উপজেলার প্রায় ২ হাজার ৫০০ পরিবারের সদস্য নিয়মিতভাবে এখানে যাতায়াত করেন। এ ছাড়া গির্জার আবাসিক হোস্টেলে পার্শ্ববর্তী সেন্ট রীটাস হাই স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থী থাকে। এলাকার কিছু বখাটে প্রায়ই এই মেয়েদের উত্ত্যক্ত করে। হামলার ঘটনায় তাদের যোগসাজশ থাকতে পারে।
হোস্টেলের তত্ত্বাবধায়ক মেরী সেলিনা বলেন, এর আগে এখানে বখাটেপনার ঘটনা ঘটেছে। পুলিশের হাতে বখাটেদের ধরিয়ে দেওয়া হয়েছে। এরপরও চার্চ এলাকায় বখাটেদের উৎপাত চলছিল। তাই হামলার ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা উচিত।