পাবনায় গির্জার প্রহরীকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ক্যাথলিক চার্চ সাধবী রিতার গির্জায় নৈশপ্রহরী গিলবার্ট কস্তাকে (৬৫) কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে চার্চের নিরাপত্তা ও শান্তি কমিটির আহ্বায়ক ননি গ্যাব্রিয়েল কস্তা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন রাজীব হক (১৮), মুরাদ হোসেন (১৮) ও ফরিদ হোসেন (১৭)। তাঁরা সবাই গিলবার্ট কস্তার প্রতিবেশী।
মামলার বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকেই হামলার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। আটক তরুণদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
এদিকে ঘটনার পর থেকে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তাঁরা নিজেদের নিরাপত্তার সার্থে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
চার্চের পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা বলেন, ‘আমরা নিরীহ জীবন যাপন করি। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাই হঠাৎ এ ধরনের ঘটনা আমাদের হতবাক করেছে।’
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা সব বিষয় বিবেচনায় রেখেই তদন্ত করছি। অন্য অভিযোগগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নৈশপ্রহরী গিলবার্ট কস্তা (৬৫) গত বৃহস্পতিবার দিবাগত রাতে চার্চের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে পাঁচ-ছয়জন লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে তাঁর কাছে ফাদার হাউসের চাবি চান। তিনি চাবি না দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা গিলবার্ট কস্তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। চার্চের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।