পাবনায় গৃহকর্মী নির্মম নির্যাতনের শিকার
হাতে-পায়ে বটির কোপ। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। পাবনা জেনারেল হাসপাতালে কাতরাচ্ছেন মেয়েটি। পাশে কেউ নেই। বারান্দায় দুজন পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন।
মেয়েটির নাম তাসলিমা খাতুন (২২)। বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার হরতকিরটেক গ্রামে। পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ইমাম হোসেনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। ইমাম হোসেন পাবনা শহরের খেয়াঘাট সড়কে একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। অসুস্থ অবস্থায় গত সোমবার রাতে তাসলিমাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন্নাহার ওই শিক্ষকের স্ত্রী কামরুন্নাহার মৌসুমীকে (২৬) আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কাজে যোগদানের পর থেকেই মৌসুমী মেয়েটির ওপর নির্যাতন শুরু করেন। ঠিকমতো খেতে দিতেন না। গরম তেল, গরম খুনতি দিয়ে ছেঁকা দিতেন। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত গত শনিবার সন্ধ্যায় আবর্জনা ফেলার কথা বলে তাসলিমা ওই বাড়ি থেকে পালিয়ে যান। ওই রাতেই ইমাম হোসেন পাবনা সদর থানায় একটি জিডি করেন।
এদিকে পালানোর পর রাস্তায় রাস্তায় ঘুরে তাসলিমা আরও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত সোমবার রাতে খেয়াঘাট মহল্লায় ফিরে এসে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখা মেয়েটির দিকে সহযোগিতার হাত বাড়ায়।
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তাসলিমা খাতুন জানান, কারণে-অকারণে মৌসুমী তাঁর ওপর অত্যাচার করতেন। হাতের কাছে যা পেতের তাই দিয়ে পেটাতেন। ঠিকমতো খেতে দিতেন না। গরম খুনতি দিয়ে বহুবার ছেঁকা দিয়েছেন। শরীরে গরম তেল ঢেলে দিয়েছেন। সম্প্রতি হত্যার জন্য বটি দিয়ে বেশ কয়েকটি কোপ দিয়েছিলেন।
প্রতিবেশীরা জানান, মেয়েটিকে প্রচুর মারপিট করা হতো। মাঝেমধ্যেই মেয়েটির চিৎকারের শব্দ শোনা যেত। কেউ কিছু বললে মৌসুমী ক্ষেপে যেতেন, প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করতেন।
পাবনা সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, মেয়েটিকে মহিলা পরিষদের সহযোগিতায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে মেয়েটিকে তাঁদের হেফাজতে দেওয়া হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, মেয়েটির ওপর যে অত্যাচার চালানো হয়েছে, তা অমানবিক ও পৈশাচিক।
এ প্রসঙ্গে ইমাম হোসেন বলেন, ‘আমি প্রায় সারা দিনই বাড়ির বাইরে থাকি। অত্যাচারের বিষয়টি আমার জানা নেই। তবে আমি সম্প্রতি তাকে বাড়িতে পাঠানোর চেষ্টা করছিলাম। এর মধ্যেই সে কিছু টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়।’