পাবনায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রাখালাগাছি বিলপাড়া গ্রামে গত রোববার রাতে মানিক হোসেন (২০) নামের এক চালককে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত মানিকের বাড়ি পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া গ্রামে।
স্থানীয় লোকজন জানান, বিলপাড়া গ্রামের একটি মাঠের মধ্যে মৃহদেহটি পড়ে ছিল। গ্রামের লোকজন তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মানিকের স্বজনেরা জানান, মানিক বেশ কিছুদিন ধরে ব্যাটারিচালিত অটোভ্যান চালাচ্ছিলেন। রোববার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে পরিবারের লোকজন তাঁর লাশ শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অটোভ্যানটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।